ভাষাসংগ্রামীদের কাছে শিশুদের হাতেখড়ি

রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছিলেন সিলেটের ছদরুদ্দিন আহমদ চৌধুরী ও মো. আবদুল আজিজ। গতকাল রোববার অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এই দুজন ভাষাসংগ্রামীর কাছেই হাতেখড়ি নিল ৫৫ শিশু। এই শিশুদের বয়স তিন থেকে পাঁচ বছর।

গত আট বছরের ধারাবাহিকতায় এবারও এ আয়োজন করেছে শিশু-কিশোরদের সাংস্কৃতিক সংগঠন ‘পাঠশালা’।

নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০টায় ছোট্ট সোনামণিদের বাংলা বর্ণে হাতেখড়ি অনুষ্ঠান শুরু হয়। হাতেখড়ি দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছদরুদ্দিন আহমদ চৌধুরী ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য মো. আবদুল আজিজ। তাঁরা দুজনেই ১৯৫২ সালে ভাষা আন্দোলনে অংশ নিয়েছিলেন। প্রথমজন ঢাকায় ও দ্বিতীয়জন সিলেটে ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন।

ভাষাসংগ্রামীরা শিশুদের বর্ণ শেখানোর পাশাপাশি তাদের হাতে স্লেট ও চক তুলে দেন। হাতেখড়ি অনুষ্ঠানে ভাষাসংগ্রামী ছাড়াও সিলেটের বরেণ্য ব্যক্তি ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে মুক্তিযুদ্ধ-বিষয়ক গবেষক আল-আজাদ, অঙ্গীকার বাংলাদেশের পরিচালকমণ্ডলীর সদস্য মইনুদ্দিন আহমদ জালাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরী, পাঠশালার সভাপতি জসিম উদ্দিন, নাগরিক মৈত্রী সিলেটের আহ্বায়ক সমরবিজয় সী শেখর, নাট্যসংগঠক হুমায়ূন কবীর ও সুপ্রিয় দেব শান্ত উল্লেখযোগ্য।
আয়োজক সংগঠন পাঠশালার সাধারণ সম্পাদক আবৃত্তিকার নাজমা পারভীন প্রথম আলোকে বলেন, ‘আট বছর ধরে আমরা এ আয়োজন করে আসছি। এই আট বছরে অন্তত সাড়ে পাঁচ শ শিশুকে আমরা ভাষাসংগ্রামীদের হাতে হাতেখড়ি দিয়েছি।’