ভাষাসংগ্রামীদের সমাবেশ শুরু হচ্ছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা আন্দোলনের যোদ্ধাদের নিয়ে কাল শুক্রবার দুই দিনের মহাসমাবেশ শুরু হচ্ছে। এতে ৭০ জন ভাষাসংগ্রামী অংশ নেবেন। শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে একুশে চেতনা পরিষদ আয়োজিত অনুষ্ঠানটির উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।গতকাল বুধবার বিকেলে শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে একুশের চেতনা পরিষদের নেতারা সর্বস্তরে বাংলার প্রচলনসহ কেন্দ্রীয় শহীদ মিনারের মৌলিক নকশা বাস্তবায়ন, সর্বপ্রথম বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার প্রস্তাবক ধীরেন্দ্রনাথ দত্তের নামে বাংলা একাডেমী থেকে শাহবাগ মোড় পর্যন্ত সড়কের নামকরণ, ভাষা আন্দোলনের তথ্যনির্ভর সঠিক ইতিহাস প্রণয়ন, ভাষাশহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি, অসচ্ছল ভাষাসংগ্রামীদের রাষ্ট্রীয় সম্মানী ভাতা দেওয়ার দাবি জানান।সংবাদ সম্মেলনে ভাষাসংগ্রামী ও বিশিষ্ট প্রাবন্ধিক, একুশে চেতনা পরিষদের সভাপতি আহমদ রফিক বলেন, ‘ভাষা আন্দোলনে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের কথা শুনব তাঁদের মুখেই। ভাষা আন্দোলনের যথার্থ ইতিহাস জানার জন্যই এ আয়োজন।’এতে লিখিত বক্তব্যে একুশে চেতনা পরিষদের সাধারণ সম্পাদক কামাল লোহানী ভাষাসংগ্রামীদের কাছে উপাত্ত সংগ্রহ করে একটি সঠিক তথ্যনির্ভর ইতিহাস তৈরি ও পাশাপাশি ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃতকারীদের কঠোরভাবে দমন করার দাবি জানান।পরিষদের সহসভাপতি বিচারপতি গোলাম রাব্বানী জানান, সমাবেশে ৭০ জন ভাষাসৈনিক যোগ দেবেন। অনেকেই এখন শয্যাগত। তাঁদের সবাই হয়তো সমাবেশে আসতে পারবেন না, কিন্তু সঠিক ইতিহাস তৈরির জন্য এ ধরনের প্রক্রিয়ার সঙ্গে তাঁরা একমত। আয়োজকেরা জানান, কাল সকাল ১০টায় জাতীয় সংগীত ও একুশের গান পরিবেশনের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠানসূচি।