ভাষাসংগ্রামীদের হাতে শিশুদের হাতেখড়ি
সিলেটে অর্ধশতাধিক ছোট্ট সোনামণির হাতেখড়ি দিয়েছেন ভাষাসংগ্রামীরা। গতকাল শুক্রবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক সংগঠন পাঠশালার উদ্যোগে এ কার্যক্রম হাতে নেওয়া হয়।
সকাল ১০টায় সোনামণিদের বর্ণপরিচয় উৎসব হাতেখড়ি শুরু হয়। ছোট্ট সোনামণিদের হাতেখড়ি দেন ভাষাসংগ্রামী মনিরউদ্দিন আহমদ ও মো. আবদুল আজিজ। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক নাজমা পারভীন পুরো কর্মসূচি সমন্বয় করেন। ভাষা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ‘ভাষা আন্দোলনের কালপঞ্জি’ শীর্ষক স্মারক-পুস্তকও প্রকাশ করা হয়। শিশুদের হাতেখড়ি শেষে সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বানান শুদ্ধি অভিযান: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্প-সাহিত্য-সংস্কৃতিবিষয়ক সংগঠন কাকতাড়ুয়ার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষার দিনটিতে ‘বাংলা বানান শুদ্ধি অভিযান’ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের ১৬ শিক্ষার্থী নগরের বিভিন্ন এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়ির সাইনবোর্ডে ভুল বানান মুছে রং-তুলি দিয়ে শুদ্ধ বানান লিখে দেন। সংগঠনের আহ্বায়ক খলিলুর রহমান জানান, ৬৩টি সাইনবোর্ডের ভুল বানান শুদ্ধ করার পাশাপাশি ইংরেজি বানানের স্থলে বাংলা বানান লিখে দেওয়া হয়েছে।