ভাষাসৈনিক আবদুর রাজ্জাকের দাফন সম্পন্ন
রাজশাহীতে রাষ্ট্রীয় মর্যাদায় ভাষাসৈনিক আবদুর রাজ্জাকের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বাদ জোহর রাজশাহী কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে তাঁর মরদেহ নগরের হেতেম খাঁ কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে স্ত্রীর কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।
আবদুর রাজ্জাক গত রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকার উত্তরায় তাঁর বড় ছেলে রাজিব আহমেদের বাড়িতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার রাতেই তাঁর মরদেহ ঢাকা থেকে রাজশাহীতে আনা হয়। এরপর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে মরদেহ রাখা হয়।
গতকাল সোমবার দুপুর ১২টায় রাজশাহী কোর্ট চত্বরে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ জোহর নগরের সোনাদীঘি মসজিদে দ্বিতীয় এবং এরপরেই রাজশাহী কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।