ভাষাসৈনিক ইমদাদ হোসেনকে সশ্রদ্ধ বিদায়
স্বদেশ ও স্বজাতির প্রতি গভীর দায়বদ্ধতা ছিল তাঁর। সেই দায়বদ্ধতা থেকেই তিনি অংশ নিয়েছেন আন্দোলন সংগ্রামে; ক্রান্তিকালে তাঁকে পাওয়া গেছে সাহসী মিছিলের অগ্রভাগে। গণমানুষ তাঁর সেই ভূমিকা স্মরণ রেখে ব্যথাহত চিত্তে চিরবিদায় দিয়েছে তাঁকে। দলমত-নির্বিশেষে সর্বস্তরের মানুষ শ্রদ্ধার ফুলে ফুলে ঢেকে দিয়েছে প্রবীণ সংগ্রামী শিল্পী ইমদাদ হোসেনের কফিন।গতকাল সোমবার সকাল ১০টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ইমদাদ হোসেনের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে করা হয় শোকমঞ্চ। কালো কাপড়ে আচ্ছাদিত সেই মঞ্চে রাখা ছিল কফিন। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী কফিনে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বিভিন্ন সংগঠনসহ ব্যক্তিগতভাবে অনেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।প্রধানমন্ত্রীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ওবায়দুল কাদের। জাতীয় সংসদের পক্ষে ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এবং বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান কফিনে ফুল দেন। এ ছাড়া ভাষাসৈনিক আবদুল মতিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, রামেন্দু মজুমদার, শিল্পী কাইউম চৌধুরী, মুস্তাফা মনোয়ার, সমরজিৎ রায় চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, মনিরুল ইসলাম, হামিদুজ্জামান খান, আবুল বারক আলভী, শিশির ভট্টাচার্য্য, নবীন-প্রবীণ শিল্পীসহ সর্বস্তরের মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে কফিনে ফুল দিয়ে ভাষাসৈনিক শিল্পী ইমদাদ হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।সংগঠনগুলোর মধ্যে ছিল: উদীচী, সত্যেন সেন শিল্পী সংস্থা, ঋষিজ শিল্পীগোষ্ঠী, বহ্নিশিখা, আইন ও সালিশ কেন্দ্র, মমতাজ আলী খান সংগীত একাডেমি, ব্রতচারী, মুক্তিযুদ্ধ জাদুঘর, ছায়ানট, খেলাঘর, গ্যালারি চিত্রক, ঢাকা আর্ট সেন্টার, ঢাকা আর্ট সার্কেল, বেঙ্গল ফাউন্ডেশন, সরগম ললিত কলা একাডেমি, ঢাকা মহানগর আওয়ামী লীগ, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, শিল্পকলা একাডেমী, গণসংগীত সমন্বয় পরিষদ, গণ-ঐক্য কমিটি, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন, বাংলা একাডেমী, এক্সপ্রেশনস, পথনাটক পরিষদ, পার্বত্য পরিষদ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা, বিসিস ডিজাইন সেন্টার, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, গ্রুপ থিয়েটার ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন।শ্রদ্ধা নিবেদন শেষে জোটের পক্ষ থেকে নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার শিল্পীর সংগ্রামী জীবনের নানা দিক তুলে ধরেন। চিরবিদায়ের আগে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাসৈনিক মুক্তিযোদ্ধা শিল্পী ইমদাদ হোসেনকে গার্ড অব অনার প্রদান করা হয়। বিউগলের করুণ সুরে ভারাক্রান্ত হয়ে ওঠে পরিবেশ।দুপুর ১২টায় মরদেহ নিয়ে যাওয়া হয় চারুকলা অনুষদে। সেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজা শেষে ইমদাদ হোসেনের মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়ি কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হয়।নাগরিক স্মরণ সভা: ২৫ নভেম্বর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাসৈনিক শিল্পী ইমদাদ হোসেন স্মরণে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হবে বলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে ঘোষণা করা হয়।কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, বিকেলে ইমদাদ হোসেনের মরদেহ কেরানীগঞ্জের ইস্পাহানি ডিগ্রি কলেজ মাঠে নিয়ে আসা হলে শোকাহত মানুষের ঢল নামে। শেষবারের মতো একটিবার দেখতে ও শ্রদ্ধা জানাতে ফুল হাতে সর্বস্তরের মানুষ ভিড় করে। তাঁর মরদেহে পুষ্পার্ঘ্য দিয়ে একে একে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, বিএনপি ও এর অঙ্গসংগঠন, কেরানীগঞ্জ প্রেসক্লাব, প্রথম আলো বন্ধুসভা কেরানীগঞ্জ শাখাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।