ভাষাসৈনিক নাদেরা বেগমের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা আন্দোলনের সূচনালগ্নের কর্মী নাদেরা বেগম গতকাল শুক্রবার ভোরে বার্ধক্যজনিত কারণে উত্তরায় তাঁর বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্ল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ১৯৪৮ সালে ভাষা আন্দোলন শুরু হলে নাদেরা বেগম তাতে সক্রিয় অংশ নেন। এই ভূমিকার জন্য তিনি ১৯৪৯ থেকে ১৯৫১ সাল পর্যন্ত জেল খাটেন। জেলে যাওয়ার আগে ১৯৪৯ সালে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন। ভাষা আন্দোলনে নাদেরা বেগম যোগ দিয়েছিলেন তাঁর মেজো ভাই শহীদ মুনীর চৌধুরীর পথ অনুসরণ করে। আফিয়া বেগম ও আবদুল হালিম চৌধুরীর ১৪ সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। প্রয়াত কবীর চৌধুরী ও ফেরদৌসী মজুমদার তাঁর অন্য দুজন ভাইবোন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক নাদেরা বেগম ছিলেন সাবেক অর্থসচিব ও মহাহিসাব নিরীক্ষক প্রয়াত গোলাম কিবরিয়ার স্ত্রী। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী, সুহূদ ও স্বজন রেখে গেছেন।উত্তরা সেক্টর-৭-এর জামে মসজিদে জানাজা শেষে নাদেরা বেগমের মরদেহ সেক্টর-৪-এর কবরস্থানে দাফন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সুহূদ ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।