ভাষাসৈনিক নিবেদিতা নাগ আর নেই
বাংলাদেশের ভাষা আন্দোলনের সৈনিক, মুক্তিযুদ্ধের সহযোদ্ধা, শিক্ষাবিদ ও রাজনীতিক নিবেদিতা নাগ (৯৫) আর নেই। গতকাল রোববার সকাল সাতটায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।সকালে দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে নিবেদিতা নাগের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।১৯১৮ সালের ৪ আগস্ট নারায়ণগঞ্জে নিবেদিতা নাগের জন্ম। তিনি নারায়ণগঞ্জ তোলারাম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও কমিউনিস্ট পার্টির একনিষ্ঠ কর্মী ছিলেন। তাঁর স্বামী কমরেড নেপাল নাগ ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক। গত বছরের ডিসেম্বরে প্রয়াত নেপাল নাগ ও নিবেদিতা নাগকে বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধের সম্মাননা প্রদান করে। নিবেদিতা নাগের মৃত্যুতে মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ মহিলা পরিষদ পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছে। এ ছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিচারপতি গোলাম রাব্বানী, কামাল লোহানী, বিচারপতি আমিরুল ইসলাম, কথাশিল্পী হাসান আজিজুল হক, শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী প্রমুখ।