ভাষাসৈনিক মতিনের অস্ত্রোপচার সম্পন্ন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভাষাসৈনিক আবদুল মতিনের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আজ বুধবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে তাঁকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। অস্ত্রোপচার সম্পন্ন হয় পৌনে একটায়।
নিউরোসার্জারির অধ্যাপক আফজাল হোসেনের নেতৃত্বে একটি দল আবদুল মতিনের অস্ত্রোপচার করে। অস্ত্রোপচারে অংশ নেওয়া চিকিত্সকেরা পরে সাংবাদিকদের বলেন, ৪৮ ঘণ্টা যাওয়ার আগে আবদুল মতিনের শারীরিক অবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করা যাচ্ছে না।
এদিকে আবদুল মতিনের চিকিত্সার ব্যয়ভার বহনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুপুরে তাঁকে দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিদেশে পাঠানোর মতো শারীরিক অবস্থা থাকলে আবদুল মতিনকে উন্নত চিকিত্সার জন্য বিদেশে পাঠানো হবে।
বিএসএমএমইউর পরিচালক আবদুল মজিদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, এর আগেও আবদুল মতিন একবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। এতে তাঁর মাথায় রক্ত জমাট বাঁধে। এখন সেখান থেকে হয়তো রক্তক্ষরণ হচ্ছে। তাঁর অবস্থা আগের মতোই আছে। তিনি সাড়া দিচ্ছেন না। তবে তাঁর শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রয়েছে।
গতকাল সকাল সোয়া ১০টার দিকে ভাষাসৈনিক মতিনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। উন্নত চিকিত্সার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্যোগে তাঁকে সেখানে নেওয়া হয়।
বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত গতকাল প্রথম আলোকে জানান, আবদুল মতিনের অবস্থা সংকটজনক। তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। তাঁকে আইসিইউতে রাখা হবে।
এর আগে গত সোমবার দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় আবদুল মতিনকে রাজধানীর সিটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ডান পা অবশ হয়ে গেছে বলে সেখানকার চিকিত্সকেরা জানান।
আবদুল মতিনের পারিবারিক ও রাজনৈতিক ঘনিষ্ঠজন এবং বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লাল্টু গতকাল প্রথম আলোকে বলেন, বেশ কয়েক দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আবদুল মতিন। গত সোমবার দুপুরে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। তাঁকে প্রথমে জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও পরে সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।