ভাষাসৈনিক মতিনের শারীরিক অবস্থার উন্নতি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষাসৈনিক আবদুল মতিন
ভাষাসৈনিক আবদুল মতিন

ভাষাসৈনিক আবদুল মতিনের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। মস্তিষ্কে অস্ত্রোপচারের ১০ দিন পরও তাঁর জ্ঞান ফেরেনি। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ এ কথা জানায়।
আবদুল মতিন বর্তমানে বিএসএমএমইউর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। গতকাল সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক প্রথম আলোকে বলেন, আবদুল মতিনের জ্ঞান ফেরেনি। তবে তিনি হাত-পা সামান্য নাড়াতে পারছেন।
আবদুল মতিনের স্ত্রী গুলবদন্নেসা মনিকা বলেন, তিনি (আবদুল মতিন) এখনো কাউকে চিনতে পারছেন না। ডাকলেও তাকান না। তবে চিকিৎসক এসে জোরে ডাক দিলে তিনি একটু চোখ মেলে তাকান। কোনো কথা বলেন না।
১৮ আগস্ট গুরুতর অসুস্থ হলে আবদুল মতিনকে প্রথমে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও পরে সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিএসএমএমইউ কর্তৃপক্ষ তাঁকে নিজেদের তত্ত্বাবধানে আনে। ২০ আগস্ট নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান মো. আফজালুর রহমানের নেতৃত্বে একটি দল তাঁর মস্তিষ্কে অস্ত্রোপাচার করে।