ভাষাসৈনিক মহিউদ্দিন খান আর নেই

সিরাজগঞ্জের কৃতী সন্তান ভাষাসৈনিক এম মহিউদ্দিন খান (৮৬) গতকাল শুক্রবার সকালে শহরের জুবিলী বাগান সড়কের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি তিন মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। বাদ জুমা জানাজা শেষে রহমতগঞ্জ কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
মহিউদ্দিন খান ১৯৩০ সালের ৭ মার্চ তৎকালীন সিরাজগঞ্জ মহকুমার জুবিলী বাগান লেনের পৈতৃক বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নকালে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকার আমতলার সভায় যোগ দেন। সেদিন ১৪৪ ধারা ভঙ্গ করে এবং পিকেটিং করতে গিয়ে পুলিশের লাঠিপেটার শিকার হন। তিনি ১৯৫৫ সালে এমবিবিএস পাস করেন। পরের বছর সিরাজগঞ্জ শহরে ব্যক্তিগত উদ্যোগে চিকিৎসাসেবা দেওয়া শুরু করেন। সারা জীবন এই শহরেই রোগীদের চিকিৎসাসেবা দিয়ে গেছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্থানীয় সাংসদ হাবিবে মিল্লাত, জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস, জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।