ভাষাসৈনিক মাহবুবের বাড়ির সামনে হচ্ছে শহীদ মিনার
১৯৫২ সালের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজী গোলাম মাহবুবের জন্মভূমি বরিশালের গৌরনদী পৌর এলাকার লাখেরাজ কসবা গ্রামে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নিয়েছে কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন। গত সোমবার সকালে ফাউন্ডেশনের নেতারা শহীদ মিনারের নির্মাণকাজের উদ্বোধন করেন।১৯২৭ সালের ২৩ ডিসেম্বর লাখেরাজ কসবা গ্রামে জন্মগ্রহণ করেন কাজী গোলাম মাহবুব ওরফে ছরু কাজী। ২০০৬ সালের ১৯ মার্চ তিনি ধানমন্ডির বাসায় ইন্তেকাল করেন। পরদিন লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন পারিবারিক গোরস্তানে তাঁকে সমাহিত করা হয়।১৯৫১ সালে ভাষাসৈনিকের বাবা কাজী আ. মাজেদ লাখেরাজ কসবা গ্রামে প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে। এরপর ৬০ বছরেও নির্মাণ করা হয়নি কোনো শহীদ মিনার। সোমবার সকালে শহীদ মিনার নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান কাজী নুরুল মতিন, সদস্য জহুরুল ইসলাম, কাজী তৌফিক হাসান, কাজী আজিজুল হক, মো. কুতুব উদ্দিন ও খাদিজা আক্তার।নুরুল মতিন জানান, শহীদ মিনারের পরিকল্পনা ও নকশা তৈরি করেছেন প্রকৌশলী মফিজুর রহমান। ভাষাসৈনিকের মাজারের উত্তর পাশে স্কুলের সামনে কাজী গোলাম মাহবুবের নিজস্ব জমিতে শহীদ মিনার নির্মাণকাজ চলছে।