ভাষাসৈনিক মোহাম্মদ সুলতানকে মরণোত্তর সম্মাননা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসৈনিক মোহাম্মদ সুলতানকে পঞ্চগড়ে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে পঞ্চগড় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে আয়োজিত সপ্তাহব্যাপী বইমেলার মঞ্চে এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তাঁর দুই মেয়ে চন্দনা সুলতানা ও সুস্মিতা সুলতানা।মুক্তিযোদ্ধা সায়খুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বনমালী ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন সুস্মিতা সুলতানা ও চন্দনা সুলতানা। অনুষ্ঠানে জেলা প্রশাসক আগামী ২৬ মার্চের মধ্যে মোহাম্মদ সুলতানের নামে পঞ্চগড় পৌরসভার একটি সড়কের নামকরণ এবং তাঁর একটি ম্যুরাল নির্মাণের ঘোষণা দেন। এখন থেকে প্রতিবছর পঞ্চগড়ে মোহাম্মদ সুলতানের নামে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বইমেলা আয়োজনের কথাও বলেন তিনি।চন্দনা সুলতানা বলেন, ‘আমার বাবা সারা জীবন সমাজ বিপ্লবের স্বপ্ন লালন করেছেন। তিনি পরিবারের জন্য কানাকড়িও রেখে যাননি। জেলজুলুম আর নির্যাতনে কেটেছে তাঁর জীবন। আমরা অনেক কষ্টে বড় হয়েছি।’ এমন আয়োজনের জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতে আমার বাবার নামে পঞ্চগড়ে একটি হাসপাতাল করার ইচ্ছা আছে।’ভাষাসৈনিক মোহাম্মদ সুলতান ১৯২৬ সালের ২৪ ডিসেম্বর পঞ্চগড়ের বোদা উপজেলার মাঝগ্রামে জন্মগ্রহণ ও ১৯৮৩ সালের ৩১ ডিসেম্বর ঢাকায় মুত্যবরণ করেন।