ভাষাসৈনিকদের তালিকা আর হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

উচ্চ আদালতের নির্দেশে ভাষা আন্দোলনে সক্রিয় অংশ নেওয়া ১৪ জন নারীসহ ৬৮ জনকে ভাষাসৈনিক হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও এই তালিকা আর বড় করতে চায় না সরকার। এমনকি প্রথম তালিকার ভবিষ্যৎও এখন পর্যন্ত স্পষ্ট নয়।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং তালিকা তৈরির দায়িত্বে নিয়োজিত চার সদস্যের কমিটি বলছে, ছয় দশকেরও বেশি সময় পর ভাষাসৈনিকদের তালিকা করা আর সম্ভব নয়।
তবে ২০১৩ সালে প্রথম তালিকা প্রজ্ঞাপন আকারে জারি হলেও এটি বহাল থাকবে নাকি বাতিল হবে, সেই সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। সংস্কৃতি মন্ত্রণালয় সূত্র জানায়, প্রজ্ঞাপন জারির পরই উদ্যোগটি থেমে যায়। তাই যাঁদের নাম প্রকাশিত হয়েছে, তাঁরা ভাষাসৈনিক। তবে তার মানে এই নয় যে তালিকায় যাঁদের নাম প্রকাশিত হয়নি কিন্তু ভাষা আন্দোলন করেছেন, তাঁরা ভাষাসৈনিক নন।
এ প্রসঙ্গে জানতে চাইলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর প্রথম আলোকে বলেন, ভাষা আন্দোলন ছিল গণ-আন্দোলন। আবেগ ও ভালোবাসা থেকে ভাষা আন্দোলন করা ব্যক্তিদের ভাষাসৈনিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু তাঁদের তালিকা করা খুবই কঠিন কাজ। মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ নিয়েছেন, কারও না কারও নেতৃত্বে যুদ্ধ করেছেন। এ কারণে তাঁদের নামের তালিকা করা তুলনামূলক সহজ ছিল। কিন্তু ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ছিল ভিন্ন। ওই তালিকা করতে যাওয়া ঠিক হবে না।
সংস্কৃতি মন্ত্রণালয় সূত্র জানায়, একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ২৫ আগস্ট হাইকোর্ট ভাষাসৈনিকদের তালিকা তৈরি, কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে একটি গ্রন্থাগার ও ভাষা জাদুঘর নির্মাণসহ কয়েক দফা নির্দেশনা দেন। এর আলোকে ২০১১ সালের ২০ জানুয়ারি অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় চার সদস্যের কমিটি গঠন করা হয়। ওই কমিটি প্রথম দফায় ৬৮ জনের একটি তালিকা চূড়ান্ত করে এবং এর প্রজ্ঞাপন জারি হয়। কিন্তু এরপর ওই কমিটি মত দেয় যে এই তালিকা করা আর সম্ভব নয়।
কমিটির আহ্বায়ক ও একুশের চেতনা পরিষদের সভাপতি আহমদ রফিক প্রথম আলোকে বলেন, ‘ভাষা আন্দোলন করেছেন হাজার হাজার মানুষ। ২১ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ছয় দিনে কম করে হলেও ৬ লাখ মানুষ আন্দোলন করেছেন। ১৯৪৮ থেকে ধরলে এ সংখ্যা আরও বেশি হবে। তাই এত দিন পর ওই তালিকা করার যুক্তি নেই।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যে তালিকাটি করেছিলাম, সেটি ছিল অপূর্ণাঙ্গ ও অসমাপ্ত। আমরা হাইকোর্টকে জানিয়ে দিয়েছিলাম, সবার নাম সংগ্রহ ও তালিকাভুক্ত করা সম্ভব নয়।’
সংস্কৃতি মন্ত্রণালয় সূত্র জানায়, ভাষাসৈনিকদের তালিকা তৈরিতে মন্ত্রণালয়ের সেই অর্থে কোনো ভূমিকা ছিল না। আদালতের নির্দেশে আন্তমন্ত্রণালয় সভায় চার সদস্যের কমিটি যাচাই-বাছাই করে ভাষাসৈনিকদের তালিকা মন্ত্রণালয়ের কাছে দেয়। এরপর তা আদালতে জমা দেওয়া হয়। ওই কমিটির তিন সদস্য ছিলেন নজরুল গবেষক রফিকুল ইসলাম, ইতিহাসবিদ মুনতাসীর মামুন ও বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
কমিটি সূত্র জানায়, মূলত দুটি বিষয় মাথায় রেখে তালিকা তৈরি করা হয়েছিল। একটি হচ্ছে, যাঁরা ভাষা আন্দোলন সংগঠিত রাখার কাজে বিশেষ ভূমিকা রেখেছেন, অর্থাৎ যাঁরা ভাষা সংগঠক। অপরটি হচ্ছে, ভাষা আন্দোলনের কারণে যাঁরা কারাবরণ করেছেন।
কমিটির সদস্য ইতিহাসবিদ মুনতাসীর মামুন প্রথম আলোকে বলেন, ‘মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে আমাদের অভিজ্ঞতা সুখকর নয়। সেখানে ৬০ বছর আগের ভাষাসংগ্রামীদের নাম জেলা বা কেন্দ্রীয় কমিটির মাধ্যমে খুঁজতে গেলে বিভ্রান্তি তৈরি হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। এই প্রেক্ষাপটে আদালতের নির্দেশ মার্জনা করতে কমিটি অনুরোধ করেছিল।’ অধ্যাপক মামুন বলেন, এ রকম সংগ্রামে দেশের প্রায় সব মানুষ জড়িত ছিল। ভাষাসৈনিকদের তালিকা করতে গিয়ে কমিটি নানা প্রতিকূলতা ও বাস্তব পরিস্থিতির সম্মুখীন হয়ে আলাপ-আলোচনা সাপেক্ষে ও সমঝোতার ভিত্তিতে উদ্যোগ থেকে সরে আসে।