ভাষাসৈনিকদের ম্যুরালগুলো আগের মতোই বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডিতে ভাষাসৈনিক গোলাম মাওলার ম্যুরাল l প্রথম আলো
ধানমন্ডিতে ভাষাসৈনিক গোলাম মাওলার ম্যুরাল l প্রথম আলো

ধানমন্ডির চার সড়কে অযত্নে থাকা ভাষাসৈনিকদের ম্যুরালগুলো দেখভালের জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) অঞ্চল-১-এর পক্ষ থেকে। কিন্তু ১০ দিন পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গতকাল শুক্রবার গিয়ে ম্যুরালগুলো আগের অবস্থাতেই পাওয়া যায়। এখনো দখল আর ধুলায় আচ্ছন্ন হয়ে আছে সেগুলো।

ভাষাসৈনিক গাজীউল হকের ম্যুরাল l প্রথম আলো
ভাষাসৈনিক গাজীউল হকের ম্যুরাল l প্রথম আলো

৮ ফেব্রুয়ারি সরেজমিনে ধানমন্ডির চারটি সড়কে স্থাপিত ভাষাসৈনিকের ম্যুরালগুলো ধুলায় আচ্ছন্ন অবস্থায় দেখা যায়। এই চারটি সড়কের নামকরণও করা হয়েছে ভাষাসৈনিকদের নামে। এর মধ্যে ধানমন্ডি ১ নম্বর সড়কে চায়ের দোকানের আড়ালে ঢাকা পড়ে গেছে ভাষাসৈনিক ডা. গোলাম মাওলার আবক্ষ ম্যুরাল। ধানমন্ডি ৭ নম্বর সড়কে ভাষাসৈনিক আবদুল মতিনের ম্যুরালের ভাঙা বেদিতে কোচিং সেন্টারের বিজ্ঞাপন সাঁটা।

ভাষাসৈনিক আবদুল মতিনের ম্যুরাল l প্রথম আলো
ভাষাসৈনিক আবদুল মতিনের ম্যুরাল l প্রথম আলো

ধানমন্ডি ৮ নম্বর সড়কে ভাষাসৈনিক গাজীউল হকের ম্যুরালে শ্বেতপাথরে লেখা তাঁর সংক্ষিপ্ত পরিচয়ের লাইনগুলোর অক্ষর মুছে গেছে। বেদি ঘিরে ছিল আবর্জনার স্তূপ। ধানমন্ডি ৯ নম্বর সড়কে ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুবের ম্যুরাল ঘিরে নার্সারি। নার্সারির ছাউনির কারণে মূল সড়ক থেকে ম্যুরালটি দেখতে যায় না। ম্যুরালগুলোর দুরবস্থা সম্পর্কে ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-১) মোহাম্মদ সানাউল হক ওই সময় প্রথম আলোকে বলেছিলেন, তাঁরা এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। শুধু ফেব্রুয়ারি মাস নয়, সারা বছরই যেন ম্যুরালগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে, সে বিষয়েও নজর রাখবেন। এ বিষয়ে ১০ ফেব্রুয়ারি ‘অযত্নে ভাষাসৈনিকদের ম্যুরালগুলো’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়।

ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুবের ম্যুরাল l প্রথম আলো
ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুবের ম্যুরাল l প্রথম আলো

গতকাল শুক্রবার দুপুরে গিয়ে দেখা যায়, কিছুই বদলায়নি। ডা. গোলাম মাওলার ম্যুরাল এখনো চায়ের দোকানের আড়ালে। এক ভবঘুরে সেখানে ঘুমিয়ে ছিলেন। আবদুল মতিনের ম্যুরালটি এখনো ধুলা আর পোস্টারের দখলে। গাজীউল হকের ম্যুরালের বেদি ঘিরে আবর্জনা। কাজী গোলাম মাহবুবের ম্যুরালটির চারপাশ নার্সারির দখলেই আছে।
জানতে চাইলে মোহাম্মদ সানাউল হক প্রথম আলোকে বলেন, তিনি পরিচ্ছন্নতা পরিদর্শককে এ বিষয়ে তখনই নির্দেশনা দিয়েছিলেন। সানাউল বলেন, ‘ওরা তো ফিডব্যাক দিয়েছিল যে পরিষ্কার হয়ে গেছে। আমি বিষয়টা দেখছি।’