ভাষা-মতিন আর নেই

ঈদের ছুটির জড়তা কাটিয়ে ওঠেনি ঢাকা মহানগর। গতকাল বুধবার কর্মদিবস শুরু হয়েছিল ঢিমেতালে। সড়কগুলো নিরিবিলি। দোকানপাট প্রায় সবই বন্ধ। শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চত্বরও ফাঁকা। পার্থক্য কেবল উত্তর প্রান্তের সি ব্লকের সামনের দৃশ্যপটে। সেখানে বিষণ্ন চঞ্চলতা। অনেক মানুষের সমাগম। অনেক গাড়ির সারি।
ভবনটির দশম তলায় নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) ৯ নম্বর বিছানায় দেহে শীর্ণ, কর্মে বিশাল এক মানুষ ত্যাগ করেছেন অন্তিম শ্বাস। তাঁর মহাপ্রয়াণের সংবাদ গভীর বিষাদে ভরিয়ে দিয়েছে সারা দেশে ও দেশের বাইরের সব বাঙালির হৃদয়। কারই-বা অজানা তাঁর অবিস্মরণীয় অবদানের কথা, তাঁর নাম। তিনি ভাষা-মতিন। তাঁর ‘আবদুল মতিন’ নামটি বদলে গিয়েছিল চিরগৌরবময় মহান রাষ্ট্রভাষা আন্দোলনে অনন্য অবদানের জন্য। পৃথিবীর মায়া কাটিয়ে ৮৮ বছর বয়সে চলে গেলেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবার ও চিকিৎসকদের সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল নয়টায় চিকিৎসকেরা ভাষা-মতিনের কৃত্রিম শ্বাস দেওয়ার যন্ত্র খুলে নেন। এ সময় স্ত্রী গুলবদননেছা তাঁর পাশে ছিলেন।
৪ অক্টোবর থেকে ভাষা–মতিনকে কৃত্রিম শ্বাস দিয়ে রাখা হয়েছিল। গত ১৮ আগস্ট মস্তিষ্কে রক্তক্ষরণে তিনি গুরুতর অসুস্থ হলে প্রথমে মোহাম্মদপুরের সিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। ২০ আগস্ট মস্তিষ্কে অস্ত্রোপচার করে রক্ত অপসারণ করা হলেও তাঁর অবস্থার বিশেষ উন্নতি হয়নি। গত বৃহস্পতিবার থেকে শুরু হয় কৃত্রিম শ্বাস দেওয়া।
ভাষাসৈনিক আবদুল মতিনের মৃত্যুসংবাদ পেয়ে তাঁর দুই মেয়ে মতিয়া বানু শুকু, মালিহা শুভন, জামাতা ও আত্মীয়স্বজন হাসপাতালে ছুটে আসেন। সংবাদ সংগ্রহ করতে আসেন গণমাধ্যমকর্মীরা। শ্রদ্ধা জানাতে একের পর এক আসতে থাকেন শিল্প-সংস্কৃতিক্ষেত্রের বিশিষ্টজন, বুদ্ধিজীবী, সাহিত্যিক ও সাধারণ মানুষ।
শ্রদ্ধা জানাতে এসেছিলেন ভাষাসৈনিক মাজহারুল ইসলাম, অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, আইনবিদ আমীর-উল ইসলাম, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরউল্লাহ চৌধুরী, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, অধ্যাপক আবদুল মান্নান, সাংসদ শিরিন আক্তার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, শিল্পী ফকির আলমগীর, নারীনেত্রী ফরিদা আক্তারসহ অনেকে।
ভাষাসৈনিক আবদুল মতিন সন্ধানীকে মরণোত্তর চক্ষু ও ঢাকা মেডিকেল কালেজের চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য দেহ দান করে গিয়েছিলেন। সে অনুসারে মৃত্যুর পরপরই সন্ধানীতে তাঁর কর্নিয়া দানের কাজ সম্পন্ন করা হয়।
দুপুর ১২টায় বিএসএমএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল মজিদ ভূঁইয়ার কক্ষে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ছিলেন বিএসএমএমইউর উপাচার্য প্রাণ গোপাল দত্ত। এতে জানানো হয়, কর্নিয়া সংগ্রহের পর ভাষাসৈনিকের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিএসএমএমইউর আয়োজনে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে মরহেদ নিয়ে যাওয়া হবে। শ্রদ্ধা নিবেদনের পর্বে সহযোগিতা করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন পর্বের পর তাঁর মরদেহ শোভাযাত্রাসহ ভাষা আন্দোলনের স্মৃতিজড়িত ঢাকা মেডিকেল কলেজের আমতলা, ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে নেওয়া হবে। এরপর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
ভাষাসৈনিক আবদুল মতিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাগরিক শোকসভা করা হবে। কবে এই শোকসভা হবে, তার ক্ষণ নির্ধারণ করতে আগামী শুক্রবার বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় সভা হবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়।
হাসপাতালে ভাষাসৈনিক আবদুল মতিনের স্ত্রী
গুলবদননেছা প্রথম আলোকে বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে তিনি রোগে ভুগছিলেন। তবে তাঁর ধ্যানজ্ঞান ছিল সাধারণ মানুষের কল্যাণ, দেশের উন্নতি। তাঁর হৃদয়জুড়ে ছিল দেশ আর মানুষ। যাঁরাই তাঁর সঙ্গে কথা বলতে এসেছেন, তিনি সব সময় দেশটাকে কী করে আরও ভালো করা যায়, মানুষের উন্নতি হয়, সে কথাই বলেছেন। নিজের স্বার্থের কথা ভাবেননি কখনো। কখনো কোনো সরকারি আনুকূল্য লাভের চেষ্টা করেননি।
শোক: ভাষাসৈনিক আবদুল মতিনের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন।
শোক জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপসহ বিভিন্ন ব্যক্তি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এর মধ্যে রয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ সাম্যবাদী দল, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, আইন ও সালিশ কেন্দ্র, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি, একুশে চেতনা পরিষদ, ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর, ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদ, বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট, অভিভাবক ঐক্য ফোরাম, বিশ্ব কবিতাকণ্ঠ পরিষদ, বাংলাদেশ যুব মৈত্রী, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট ও বাংলাদেশ ইসলামিক পার্টি। এ ছাড়া স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী, প্রবাসীকল্যাণমন্ত্রী, শিক্ষামন্ত্রী, ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রী শোক জানান।
আরও পড়ুন: