ভাসছে কুতুবদিয়া ও দাকোপ
‘সাগরে যখন জোয়ার শুরু হয়, তখন ঘরে কোমরসমান লোনাপানি ঢুকে পড়ে। দিনের বেলায় জোয়ার হলে কোনোমতে সামলানো যায়, কিন্তু রাতে পরিবার নিয়ে অন্যত্র আশ্রয় নিতে হয়। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের জলোচ্ছ্বাসে ভেসে গিয়ে আমাদের পরিবারের ১৯ জনের মৃত্যু হয়। তিন দিন ধরে সেই স্মৃতি মাথায় নিয়ে আমরা জোয়ারের ধাক্কা সামলিয়ে অতি কষ্টে দিন কাটাচ্ছি। বেড়িবাঁধ নির্মাণ করে জোয়ার ঠেকানোর কোনো ব্যবস্থা কি সরকার নেবে না?’গত বৃহস্পতিবার ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলার আলীআকবর ডেইল ইউনিয়নের তাবলেরচর গ্রামের আয়েশা বিবি (৬৭)। বাঁশের বেড়া ও টিনের ছাউনি দিয়ে গড়া আয়েশার ছোট্ট ঘরটিতে তিন দিন ধরে হাঁটু পানি। প্রতিবেশী জেলে আবুল কালাম, সৈয়দ করিমসহ ১০-১২টি ঘরেরও একই অবস্থা। পানি ঢুকে পড়ায় এসব বাড়িতে রান্নাবান্নাসহ প্রয়োজনীয় কাজকর্ম করা যাচ্ছে না। স্থানীয় লোকজন জানান, ঘূর্ণিঝড় আইলায় এই গ্রামের পশ্চিম পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় দুই কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়। দীর্ঘদিনেও সেই বাঁধ মেরামত করা হয়নি। এখন ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকছে। বাঁধের পাশে স্থাপিত দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্রটিও ঝুঁকির মুখে পড়েছে। জোয়ারের পানিতে কেন্দ্রটি প্লাবিত হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নে পাউবোর ৭১ নম্বর পোল্ডারের প্রায় ১০ কিলোমিটার বেড়িবাঁধের দুই কিলোমিটার খোলা অংশ দিয়ে পানি ঢুকে আটটি গ্রামে জোয়ার-ভাটা চলছে। প্লাবিত হচ্ছে দুই শতাধিক বসতবাড়ি। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী এর সত্যতা নিশ্চিত করে জানান, জোয়ারের পানিতে ভেসে আসা সৈকতের লোনা বালু ঢুকে ফসলি জমিতে আস্তর জমছে। এতে কয়েক শ একরের আমন ধান ও বীজতলা নষ্ট হচ্ছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নূরুল বশর চৌধুরী জানান, উপজেলায় পাউবোর প্রায় ৪০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে বর্তমানে ১৭ কিলোমিটারের কোনো চিহ্ন নেই। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আরও ১৫ কিলোমিটার। সাগরের করাল গ্রাসে খোলা বাঁধ দিয়ে পানি ঢুকে ৩১টি গ্রামে কয়েক হাজার বসতবাড়ি প্লাবিত হচ্ছে। পাউবো কুতুবদিয়া উপজেলা শাখা কর্মকর্তা আবদুস সাত্তার জানান, কয়েক কিলোমিটার ভাঙা বেড়িবাঁধ নির্মাণে সম্প্রতি ৩৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু এখন (বর্ষা মৌসুমে) সাগর উত্তাল থাকায় কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। আইলা-দুর্গত এলাকার বেড়িবাঁধ নির্মাণ করা সম্ভব না হওয়ায় খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ও কামারখোলা ইউনিয়নের অধিকাংশ গ্রাম প্রতিনিয়ত জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে। এবার জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় এলাকাগুলো অতিমাত্রায় প্লাবিত হচ্ছে। এতে নিজ ভিটেতে থাকা পাঁচ-ছয় হাজার পরিবার বিপদে পড়েছে। জোয়ারের সময় ঘরের মধ্যে হাঁটু পানি। খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টির মধ্যে বেড়িবাঁধের ওপরও তাঁরা বসবাস করতে পারছেন না। অনেক পরিবার ভিটার ওপর টংঘরে অবস্থান করছে। কামারখোলা ইউনিয়নের বিজন মণ্ডল (৫৮) বলেন, ‘আইলার পর ম্যালা কষ্টে বাঁচি আছি। অ্যাহন যেভাবে জল বাড়তিছে কহোন ভাসি যাতি অয় সেই ভয়েই থায়ি।’ গৃহবধূ মরিয়ম খাতুন (৩০) বলেন, ‘সকাল বেলা উঠি যে এট্টু বাইরির কাজ (টয়লেট) করব তারিরও কুনো উপোয় থাকতিছে না। ম্যালা বিপুদে আছি, পানি উঠে ঘরের সবকিছু ভিজি যাতিছে, কোনো জাগায় শুগোত (শুকাতে) দিতিও পাত্তিছে না।’পাউবোর খুলনা অঞ্চলের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, বর্তমান অমাবস্যার স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি চার-পাঁচ ফুট বৃদ্ধি পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আবুল হোসেন বলেন, এবার জোয়ারের পানি অতিমাত্রায় বেড়ে যাওয়ায় সুতারখালী ও কামারখোলার প্রায় প্রতিটি গ্রাম প্লাবিত হয়েছে। বাঁধগুলো সময়মতো হলে আর এ সমস্যা হতো না।