ভাসমান চিকিৎসাকেন্দ্র চালুর দাবি
মৌলভীবাজার ও সিলেটের হাকালুকি হাওরপারের লোকজনের সুবিধার জন্য একটি ভাসমান চিকিৎসাকেন্দ্র চালুর দাবি উঠেছে। এ ব্যাপারে কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজউদ্দিন আহমদ গত রোববার বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন।আবেদনের সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা এবং সিলেটের গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রায় ৪০ হাজার হেক্টর এলাকাজুড়ে হাকালুকি হাওর বিস্তৃত। হাওরপারে ৫৩টি গ্রাম আছে। এসব গ্রামে প্রায় দুই লাখ লোক বাস করে। বছরের প্রায় ছয় মাস তারা পানিবন্দী থাকে। যোগাযোগব্যবস্থা ভালো না থাকায় মুমূর্ষু রোগীদের সময়মতো উপজেলা সদর হাসপাতালে পাঠানো যায় না। অন্তঃসত্ত্বা নারীরা বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগেন। অনেকে গ্রাম্য কবিরাজ ও হাতুড়ে চিকিৎসকদের অপচিকিৎসার শিকার হন। এ অবস্থায় সরকারি উদ্যোগে একটি ভাসমান চিকিৎসাকেন্দ্র চালু করলে লোকজন উপকৃত হবে।জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘হাকালুকি হাওর এলাকায় ভাসমান স্বাস্থ্য ও চিকিৎসাকেন্দ্র চালুর দাবি যৌক্তিক। বিষয়টি প্রস্তাব আকারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।’