ভাসমান পাঠশালার শিক্ষার্থীদের গায়ে উঠল কম্বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্বল পেয়ে খুশিতে আটখানা বগুড়া শহরের এডওয়ার্ড পার্কের ভাসমান পাঠশালার খুদে শিক্ষার্থীরা। গতকাল তোলা ছবি l প্রথম আলো
কম্বল পেয়ে খুশিতে আটখানা বগুড়া শহরের এডওয়ার্ড পার্কের ভাসমান পাঠশালার খুদে শিক্ষার্থীরা। গতকাল তোলা ছবি l প্রথম আলো

বগুড়া শহরের এডওয়ার্ড পার্কের আলোচিত ভাসমান পাঠশালার ৪৬ খুদে শিক্ষার্থীর মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার এসব ছিন্নমূল পথশিশুর হাতে কম্বল তুলে দেন পাঠশালার উদ্যোক্তা কলেজছাত্র আহসান হাবিব ও তাঁর বন্ধুরা। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।
আহসান হাবিব ও অপর ১৬ জন কলেজশিক্ষার্থীর পরিচালিত এই ভাসমান পাঠশালা নিয়ে ১৬ জানুয়ারি প্রথম আলোয় ‘পথশিশুদের আলোর ঠিকানা’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন ছাপা হয়। ওই পাঠশালায় বিনা মূল্যে বস্তির ঝরে পড়া ছিন্নমূল শিশুদের জন্য পড়াশোনা শেখানো ও শিক্ষার উপকরণ দেওয়া হয়।
গতকাল বিকেলে কম্বল বিতরণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর বগুড়া প্রতিনিধি আনোয়ার পারভেজ, অফিস ব্যবস্থাপক শরিফুল ইসলাম, আঞ্চলিক বিক্রয় নির্বাহী জাকির হোসেন, বন্ধুসভার সদস্য নাফিউর রহমান, আশরাফুল সিদ্দিক, তাসনিম হালিম প্রমুখ। কম্বল পেয়ে খুদে শিক্ষার্থী বিপ্লব বলে, ‘ঘরত কম্বল নাই। শীতত মা খুব কষ্ট পাচ্ছিল। কম্বলডা মাকে দিলে খুব খুশি হবে।’
শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য কোহিনূর কেমিক্যাল কোম্পানি লিমিটেড সম্প্রতি এসব কম্বল প্রথম আলো ট্রাস্টে জমা দেয়।