ভাসমান সবজি হাটে ন্যায্য দাম থেকে বঞ্চিত কৃষক
পিরোজপুরের স্বরূপকাঠির ভাসমান সবজি হাটের টাটকা শাক-সবজি বিক্রিতে ন্যায্য দাম পান না কৃষক। পাইকারদের কেনা দামের চেয়ে দ্বিগুণেরও বেশি দামে বাইরের বাজারে এসব সবজি বিক্রি হচ্ছে বলে জানা যায়। এতে লাভবান হন ব্যবসায়ী ও ক্রেতারা।
বরিশাল মহানগর থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে স্বরূপকাঠি উপজেলার আটঘর-জিন্দাকাঠি এলাকায় বসে ওই হাট। সপ্তাহের প্রতি রোববার ও বৃহস্পতিবার সূর্য ওঠার আগ থেকে ওই হাট শুরু হয়। চলে দুপুর ১২টা পর্যন্ত।
সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা নৌকাবোঝাই করে হরেক রকম সবজি ও ফলমূল নিয়ে আসছেন। এসব বিক্রি হচ্ছে পাইকারি দরে। পাইকারেরা কম দামে সেগুলো কিনে বড় ট্রলারে ভর্তি করছেন। এ সময় সাধারণ ক্রেতারা তাঁদের পছন্দমতো বাজার করছেন। হাটে এক পোন (৮০টা) লেবু ১২০ টাকা, নারকেল প্রতিটি আট থেকে ১৮ টাকা। পেয়ারা ১০ টাকা কেজি, কচুর লতি, ঝিঙে ও চিচিঙ্গা আট থেকে ১২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দু-একটি সবজি বেশি দামে বিক্রির জন্য কৃষকেরা কিছুক্ষণ দাম হাঁকছেন। তারপর পাইকারদের দেওয়া দামেই বিক্রি করছেন।
আমদকাঠি এলাকার বাসিন্দা ছিন্টু ঢালী জানান, ঝালকাঠি জেলার বিনয়কাঠি, ভিমরুলী, শতদশকাঠি, পিরোজপুর জেলার আটঘর, কুড়িয়ানাসহ ১৩টি এলাকার কৃষকেরা ছোট ছোট নৌকায় পণ্য নিয়ে এই বাজারে আসেন। তবে তাঁরা পণ্যের ন্যায্য দাম পান না বলে অভিযোগ করেন।
বরিশালের সাধারণ ক্রেতা মঞ্জুর হোসেন জানান, তিনি কচুর লতি ও ঝিঙে কিনেছেন আট টাকা দরে। বরিশালে তাঁকে কিনতে হয়েছে ৩০ টাকা দরে। এ ছাড়া এক হালি লেবুর দাম পড়েছে ৩ টাকা। আর বরিশালে এক হালি লেবু কেনেন ১৫ থেকে ১৮ টাকা দামে।
কুড়িয়ানার লেবুচাষি কদম আলী জানান, পাইকারেরা যে দাম বলেন সেই দামেই তাঁরা বিক্রি করেন। পাইকার অন্য জায়গায় নিয়ে কত দামে বিক্রি করেন তা তাঁরা জানেন না।
জিন্দাকাঠি এলাকার কৃষক মণীন্দ্র মণ্ডল বলেন, ‘আমরা শুনেছি, বরিশালে একটা ডাব বিক্রি হয় ৩০ টাকায়। আর আমি ৮ টাকা দরে বিক্রি করলাম। আমাদের পক্ষে পণ্য নিয়ে বরিশালে যাওয়া সম্ভব না। তাই পাইকারদের কাছেই বিক্রি করতে হচ্ছে।’ এ সময় শতদশকাঠীর চাষি রামকৃষ্ণ হালদার, ক্ষিতিষ চন্দ্র বেপারিসহ অনেকে ন্যায্য দাম না পাওয়া নিয়ে অভিযোগ করেন।
জিন্দাকাঠির পাইকার অমল মণ্ডল বলেন, আটঘর-জিন্দাকাঠির এই হাটে প্রতিদিন ৪০ থেকে ৫০ জন পাইকার কেনাবেচা করেন। পাইকারি ব্যবসায়ী সুলতান হাওলাদার জানান, প্রতিদিন ৫০ থেকে ৬০ হাজার টাকা পণ্য কেনেন তিনি।