ভাসমান হাসপাতাল ‘রংধনু’র উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দিতে বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের তৃতীয় ভাসমান হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মিশেল ট্রানকুইয়ে চট্টগ্রামের মেরিন ওয়ার্কশপ ঘাটে (টিএম) ‘রংধনু’ নামের এই ভাসমান হাসপাতালের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফ্রান্সের রাষ্ট্রদূত মিশেল ট্রানকুইয়ে, ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিল ওয়াকার, গ্রিনপিসের পরিচালিত রেইনবো ওয়ারিয়রের ক্যাপ্টেন পিটার উইলকক্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের পরিচালক (প্রযুক্তি) আরিফুর রহমান খান, কর্ডএইডের প্রকল্প ব্যবস্থাপক কিকি ভ্যান কেসেল, এস কে ফাউন্ডেশনের চেয়ারম্যান এডওয়ার্ড ইজব্রান্ট স্পিয়ার এবং ইউনিলিভারের দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়া-এশিয়ার প্রেসিডেন্ট পিটার টের কুলভি। ফ্রান্সের রাষ্ট্রদূত মাইকেল ট্রানকুইয়ে বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জনবসতি প্রচুর। কিন্তু সেসব এলাকার অধিবাসীরা স্বাস্থ্যসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে প্রান্তিক অঞ্চলে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার সুযোগ রয়েছে। তিনি বলেন, ফ্রান্সের বিভিন্ন সংস্থাও সমস্যা মোকাবিলায় কাজ করছে এবং ভবিষ্যতেও সহযোগিতা দিতে আগ্রহী। ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান এর বিভিন্ন কার্যক্রমে সহায়তাকারী দাতাগোষ্ঠীর সহযোগিতা কামনা করে বলেন, ফ্রেন্ডশিপ এ ধরনের ভাসমান হাসপাতাল প্রতিষ্ঠা ছাড়াও ৩০০টি স্যাটেলাইট ক্লিনিক স্থাপন করে নারী, শিশু ও চরাঞ্চলের সুবিধাবঞ্চিত অধিবাসীদের স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি তাদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিল ওয়াকার বলেন, ‘প্রথম দুটি ভাসমান হাসপাতালের ইতিবাচক ফলাফল তৃতীয়বারের মতো ভাসমান হাসপাতাল প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা করতে আমাকে আরও উৎসাহিত করেছে।’ ফ্রেন্ডশিপের পরিচালক (পরিচালন) মুহাম্মদ এহসানুল হক জানান, রংধনুর মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের সমুদ্রতীরবর্তী ও চর এলাকার জনগোষ্ঠীকে বিনা মূল্যে চোখ, দাঁত, নারী স্বাস্থ্যসেবা, রোগ নির্ণয় ও অস্ত্রোপচারের সেবা দেওয়া হবে। গ্রিনপিস ইন্টারন্যাশনালের রেইনবো ওয়ারিয়র-২ নামে পরিচিত জাহাজকে ভ্রাম্যমাণ হাসপাতাল রংধনুতে রূপান্তরিত করা হয়েছে। গত ১৬ আগস্ট রেইনবো ওয়ারিয়র-২ জাহাজ ফ্রেন্ডশিপের কাছে হস্তান্তর করা হয়। জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিনের তত্ত্বাবধানে নেদারল্যান্ডসের দাতা সংস্থা এস কে ফাউন্ডেশন ও কর্ডএইড, হংকংয়ের কাডুরি চ্যারিটেবল ফাউন্ডেশন এবং লুক্সেমবার্গের ফ্রেন্ডশিপ ইন্টারন্যাশনালের অর্থায়নে জাহাজটিকে হাসপাতালে রূপান্তর করা হয়।