ভাসানচরে লাইটার জাহাজডুবি একজন নিখোঁজ
চট্টগ্রাম থেকে ঢাকা অঞ্চলে যাওয়ার পথে দুটি লাইটার জাহাজের সংঘর্ষে একটি ডুবে গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বঙ্গোপসাগরের ভাসানচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ১৪ জনকে উদ্ধার করা হলেও একজন নাবিক এখনো নিখোঁজ রয়েছেন বলে উদ্ধার হওয়া নাবিকেরা বলেছেন।
জানা গেছে, ডুবে যাওয়া লাইটার জাহাজটির নাম এমভি হাজেরা বেগম। জাহাজটিতে সিমেন্ট শিল্পের কাঁচামাল জিপসাম বোঝাই করা ছিল। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে জিপসাম নিয়ে মদিনা গ্রুপের কারখানায় নেওয়া হচ্ছিল এসব কাঁচামাল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের যুগ্ম পরিচালক মো. আক্কাছ আলী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, সন্দ্বীপ ও হাতিয়ার মাঝামাঝি বঙ্গোপসাগর এলাকায় ভাসানচরে এক ও দুই নম্বর বয়ার মাঝামাঝি স্থানে এমভি হাজেরা বেগম ও আদর্শ-৩ নামের জাহাজ দুটির সংঘর্ষ হয়। সংঘর্ষে মূল নৌপথের একটু বাইরে গিয়ে হাজেরা বেগম ডুবে যায়।