একটি ধাতব বুদ্ধমূর্তিসহ রাজধানীর ভাসানটেক এলাকা থেকে গতকাল সোমবার সকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, মূর্তিটি রামুর বৌদ্ধবিহার থেকে লুট হওয়া এবং ইউরেনিয়ামের তৈরি।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বিল্লাল হোসেন, মোহাম্মদ আলী ও আবদুল কাদির।পুলিশ কর্মকর্তারা জানান, ৭৫০ গ্রাম ওজনের ৫ ইঞ্চি উচ্চতার মূর্তির গায়ে বার্মিজ ভাষায় কিছু লেখা রয়েছে। মূর্তিটির গায়ে ধূপের গন্ধ রয়েছে, পানিতে ভিজিয়ে রাখার পরও গন্ধ যাচ্ছে না। এ থেকে ধারণা করা হচ্ছে, মূর্তিটি কোনো মন্দিরে ছিল, যেখানে ধূপ জ্বালিয়ে পূজা হতো। কর্মকর্তা জানান, মূর্তিটি ইউরেনিয়ামের তৈরি কি না, তা নিশ্চিত করতে কোনো পরীক্ষা করা হয়নি। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্য থেকে পুলিশ দাবি করেছে, এটি ইউরেনিয়ামের তৈরি।এ বিষয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একজন কর্মকর্তা বলেন, ইউরেনিয়াম ‘রেডিওঅ্যাক্টিভ’ ধাতু। এই ধাতু প্রক্রিয়াজাত করে পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এটি দিয়ে মূর্তি তৈরির কোনো কারণ নেই। সন্দেহ হলে বিষয়টি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেই পুলিশের এ বিষয়ে বলা উচিত।