ভাসানটেক প্রকল্পের চুক্তি বাতিল করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে উদ্দেশ্য সামনে রেখে রাজধানীর ভাসানটেক প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন না করে জাতীয় স্বার্থকে উপেক্ষা করা হয়েছে। ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে নিজেদের পছন্দের লোকদের। এ জন্য অবিলম্বে চুক্তি বাতিল করা উচিত। জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় গতকাল এই সুপারিশ করা হয়েছে।গতকাল সংসদ ভবনে কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে এই সভা হয়। কমিটির সদস্য ও মন্ত্রী রেজাউল করিম, প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, শাহাব উদ্দিন, মতিউর রহমান, বেনজীর আহমদ ও রণজিৎ কুমার রায় সভায় অংশ নেন। জানতে চাইলে ভূমি প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেন, শুরু থেকে এখন পর্যন্ত এ প্রতিষ্ঠান পদে পদে যে অনিয়ম করে এসেছে, তা দূর করতেই এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। ভূমি মন্ত্রণালয় সংসদীয় কমিটির সুপারিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে তা বাস্তবায়নে কাজ শুরু করেছে বলে জানান প্রতিমন্ত্রী। বৈঠকে বলা হয়, ১২ হাজার ৬০০ ফ্ল্যাট বরাদ্দের জন্য নেওয়া ভাসানটেক প্রকল্পের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এনএসপিডিএল সরকারের সঙ্গে করা চুক্তি লঙ্ঘন করেছে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি প্রকৃত বস্তিবাসী ও নিম্ন আয়ের লোকদের ফ্ল্যাট না দিয়ে বাণিজ্যিক ভিত্তিতে প্রবাসীসহ উচ্চ আয়ের ব্যক্তিদের কাছে বেশি দামে ফ্ল্যাট বিক্রি করেছে।সভায় সামরিক প্রশিক্ষণের জন্য ঢাকার ৯১৬ দশমিক ৩৫ একর জমি অধিগ্রহণ করার সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হয়। উপস্থিত একাধিক সদস্য এ বিষয়ে বলেন, ঢাকার নাগরিক-সুবিধার বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত বাতিল করা উচিত। সভার মাধ্যমে এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয়কে সুপারিশও করা হয়।সভায় বলা হয়, ঢাকা মেট্রোপলিটন এলাকায় ১৭টি স্কুল ও কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে খাসজমি বরাদ্দে এখনো অগ্রগতি নেই। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আবেদন জানানো হয়। জাতীয় স্বার্থে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের জন্য পরিত্যক্ত জায়গা দেওয়ার বিষয় উল্লেখ করে পূর্ত মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয় (রেলওয়ে) এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে (ঢাকা ওয়াসা) অবহিত করার নির্দেশনাও দেওয়া হয়।সভায় উপজেলা ও ইউনিয়ন ভূমি কার্যালয়ে দালালদের উপদ্রবে সাধারণ মানুষের হয়রানির বিষয় উল্লেখ করা হয়। বলা হয়, অতীতের রেকর্ড সংরক্ষণ না করায় সাধারণ মানুষের ভোগান্তি বেশি হচ্ছে। এটা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সভায় সুপারিশ করা হয়। রাজধানীর ডেমরা এলাকায় একদিনেই ৬০০ জমি খারিজ প্রদানে বিস্ময় প্রকাশ করে সভায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।