ভাসানটেকে নাসির হত্যা মামলায় আরও দুজন গ্রেপ্তার
রাজধানীর ভাসানটেক এলাকায় নাসির হোসেন (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামিসহ দুজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ নিয়ে মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তার আসামিরা হলেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বাবুল ব্যাপারী (২৮) ও আলতাফ হোসেন (২৯)। গতকাল রোববার রাতে গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ছয়টি গুলি ও ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে হত্যা!আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে মিডিয়া সেন্টারে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম দাবি করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা জানান, ঈদের দু-তিন দিন আগে নিহত নাসিরের বোন লাবণীর স্বামী মোহাম্মদ সোহাগের সঙ্গে স্থানীয় শরিফ ওরফে চোক্কার ক্যারম খেলা নিয়ে হাতাহাতি হয়। এরপর থেকে শরিফ ও তাঁর সহযোগীরা লাবণীকে উত্ত্যক্ত করতেন। লাবণীর স্বামী সোহাগকে এ ব্যাপারে হুমকি দিতেন। এ বিষয়টি লাবণী ভাই নাসিরকে জানান। নাসির এর প্রতিবাদ করে শরিফ ও তাঁর সহযোগীদের শাসিয়ে যান।
মনিরুল ইসলামের ভাষ্য, গ্রেপ্তার আসামিরা স্বীকার করেছেন যে এ ঘটনাকে কেন্দ্র করে শরিফসহ কয়েকজন ১০ অক্টোবর নাসিরকে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় এজাহারভুক্ত আসামি শরিফকে ১৫ অক্টোবর ডিবি পুলিশ গ্রেপ্তার করে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে মনিরুল ইসলাম জানান।
১০ অক্টোবর ভাসানটেক এলাকায় নাসিরউদ্দিন নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহত নাসিরের ভাই মো. মোশারফ সাতজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেন। পরে তিনি আরও সাতজনের নাম পুলিশের কাছে দিয়ে এজাহারভুক্ত করার জন্য আবেদন করেন। এজাহারে উল্লেখ করা হয়, নাসিরের মামাতো বোন লাবণীকে ইভ টিজিং করার প্রতিবাদ করায় সন্ত্রাসীরা তাঁকে হত্যা করে।