ভাসানী কলেজ শাখা ছাত্রলীগ সভাপতিকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের দেলদুয়ারের এলাসিনে অবস্থিত মওলানা আবদুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজের এক ছাত্রীকে অপহরণের চেষ্টা ও শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে গতকাল মঙ্গলবার কলেজ শাখা ছাত্রলীগের সভাপতিকে বহিষ্কার করা হয়েছে। ওই নেতা কলেজের কারিগরি শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র।
কলেজ সূত্রে জানা গেছে, এক ছাত্রীকে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ কলেজে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন। গতকাল বেলা ১১টার দিকে তোফায়েল ওই ছাত্রীকে শ্রেণীকক্ষের সামনে থেকে হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে শ্রেণীকক্ষ থেকে শিক্ষক হাসিনা বেগম এসে মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করেন। পরে অন্য শ্রেণীকক্ষ থেকে অপর শিক্ষক পারভিন আক্তার আসেন। এ সময় তোফায়েল অকথ্য ভাষায় ওই দুই শিক্ষককে গালাগাল করেন। এরপর কলেজের অধ্যক্ষ এনামুল করিমসহ অন্য শিক্ষকেরা ঘটনাস্থলে এসে তোফায়েলকে নিবৃত্ত করার চেষ্টা করেন। তখন তিনি তাঁদেরও গালাগাল করেন। এ সময় অধ্যক্ষ ও শিক্ষকেরা তাঁকে ধরে জুতাপেটা করেন এবং পুলিশে খবর দেন। এ পর্যায়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তিনি তোফায়েলকে পুলিশে না দিয়ে যেকোনো ধরনের শাস্তি দিতে শিক্ষকদের অনুরোধ করেন। পরে কলেজ কর্তৃপক্ষ তোফায়েলকে পাঁচ বছরের জন্য বহিষ্কার করে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বলেন, একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। পরে সংগঠনের উপজেলা নেতাদের কলেজে পাঠানো হয়। তাঁরা আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করেন। অধ্যক্ষ এনামুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।