ভাসানী বিশ্ববিদালয়ে ছাত্রহত্যার দায় স্বীকার ওমর ফারুকের
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ এস কে মোশারফ হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার ওমর ফারুক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ রোববার টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
গোয়েন্দা পুলিশ গতকাল শনিবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ী থেকে ওমর ফারুককে গ্রেপ্তার করে। মামলায় ৪ নম্বর আসামি তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সোয়েব খান জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ওমর ফারুক ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তিনি আদালতে জবানবন্দি দিতে রাজি হন। আজ বিকেলে তাঁকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোলাম কিবরিয়ার আদালতে হাজির করা হয়। তিনি এ আদালতে জবানবন্দি দেন। তিনি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র।
১৩ মে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় প্রতিপক্ষের হামলায় অপরাধ তত্ত্ব ও পুলিশ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র মোশারফ নিহত হন। এ ঘটনার তিন দিন পর তাঁর বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে টাঙ্গাইল থানায় মামলা করেন।