ভাসানী বিশ্ববিদ্যালয়ে গাছ কাটার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাসানীর স্মৃতিবিজড়িত গাছ কাটার প্রতিবাদ ও ভাসানী প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমি সমস্যার সমাধানের দাবিতে মানববন্ধন। টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে, ৯ জুন দুপুর
ছবি: প্রথম আলো

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাসানীর স্মৃতিবিজড়িত গাছ কাটার প্রতিবাদ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাসানী প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমি সমস্যার সমাধানের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ভাসানীর অনুসারী বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যানারে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ভাসানী পরিষদের কেন্দ্রীয় সভাপতি কবি বুলবুল খান, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান, ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক, ভাসানী অনুসারী পরিষদের সাধারণ সম্পাদক হেদায়েত আলী খানশুর, মাওলানা ভাসানী আদর্শ কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয় সরকারি শিশু স্কুলের প্রধান শিক্ষক আফরোজা বেগম, রানী দিনিমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় বালক হাই স্কুলের সহকারী শিক্ষক মামুনুর রহমান, মাওলানা ভাসানী মুরিদান অনুসারী সংঘের সাধারণ সম্পাদক আবু সাইদ, মানবাধিকার কর্মী আইনজীবী আবদুল গনি আলরুহি, ভাসানী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এনায়েত করিম প্রমুখ। এ সময় সংগঠনগুলোর নেতারা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অংশ নেওয়া সংগঠনের মধ্যে ছিল মাওলানা ভাসানী ফাউন্ডেশন, মাওলানা ভাসানী অনুসারী পরিষদ, খোদা-ই-খেদমতগার, মাওলানা ভাসানী আদর্শ অনুশীলন পরিষদ, মাওলানা ভাসানী মুরিদান ও অনুসারী সংঘ, মাওলানা ভাসানী স্মৃতি সংসদ, মাওলানা ভাসানী স্মৃতি পরিষদ, মাওলানা ভাসানী পরিষদ। শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মাওলানা ভাসানী আদর্শ কলেজ, ইসলামী বিশ্ববিদ্যালয় বালক হাই স্কুল, ইসলামী বিশ্ববিদ্যালয় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় সরকারি শিশু স্কুল, রানী দিনমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামী বিশ্বদ্যিলয় সুচিশিল্প স্কুল, ইসলামী বিশ্ববিদ্যালয় তালিমাতে কোরআন ও সুন্নাহ।

প্রসঙ্গত, টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় ক্যাম্পাসে সড়ক সম্প্রসারণের জন্য কিছু গাছ কাটছে কর্তৃপক্ষ। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাওলানা ভাসানী প্রতিষ্ঠিত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমি সমস্যা রয়েছে।