ভাসানী বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনিসুজ্জামান। রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও হরতালের কারণে তিনি উপস্থিতি হতে পারেননি।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বেলা ১১টায় সমাবর্তন উপলক্ষে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয় মাঠে উপাচার্য এম নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবর্তন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন অধ্যাপক আনিসুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহ-উপাচার্য মো. মনিরুজ্জামান।অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘আমাদের দেশে বিজ্ঞানমনস্কতার বড় অভাব। আমরা জানি সুইচ টিপলে আলো জ্বলে, পাখা ঘুরে। কিন্তু তার কার্যকারণ জানতে বেশির ভাগ মানুষেরই কোনো আগ্রহ নেই। বিজ্ঞানকে তারা দেখে ম্যাজিকের মতো করে। এখানেও আমরা বিজ্ঞানমনস্কতার পরিচয় দিতে ব্যর্থ হই।’অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও আচার্য মনোনীত প্রতিনিধি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বক্তব্য পাঠ করে শোনানো হয়। সমাবর্তনে সাতটি বিভাগের এক হাজার ১৯০ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। এ ছাড়া ৫১ জন শিক্ষার্থীকে চ্যান্সেলরস পদক, ভাইস চ্যান্সেলরস পদক এবং ডিনস পদক প্রদান করা হয়।