ভাসানী বিশ্ববিদ্যালয়ে 'সিএসই কার্নিভ্যাল' শেষ
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) কার্নিভ্যাল-২০১৭ গতকাল শনিবার শেষ হয়েছে। এদিন আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়টির সিএসই বিভাগের উদ্যোগে ওই উৎসবের আয়োজন করা হয়। গতকাল পুরস্কার বিতরণ করেন স্থানীয় সাংসদ ও বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য মো. ছানোয়ার হোসেন ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক মো. কায়কোবাদ। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মো. আলাউদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রকৌশল অনুষদের ডিন ও সিএসই বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মতিউর রহমান, লাইফ সায়েন্স অনুষদের ডিন মো. সিরাজুল ইসলাম, সায়েন্স অনুষদের ডিন পিনাকী দে বিশেষ অতিথি ছিলেন।
এর আগে গত শুক্রবার সকালে ক্যাম্পাসে শোভাযাত্রার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত ওই কার্নিভ্যালের উদ্বোধন করা হয়। এরপর প্রজেক্ট প্রদর্শনী, গেমিং প্রতিযোগিতা, গণিত অলিম্পিয়াড ও ‘সিএসই স্টাডি অ্যান্ড এক্সট্রা কারিকুলাম অ্যাকটিভিটিস’ শীর্ষক সেমিনার হয়। সেমিনারে আলোচনা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক মো. কায়কোবাদ।
প্রোগ্রামিং প্রতিযোগিতায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ সরকারি-বেসরকারি মোট ৪৫টি বিশ্ববিদ্যালয়ের ১০৭টি দল অংশ নেয়।