ভাসানী বিশ্ববিদ্যালয়ের ৯ ছাত্র সাময়িক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা সবাই খাদ্যপ্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান বিভাগের (এফটিএনএস)। সেই সঙ্গে আগামী ৮ জানুয়ারি থেকে এফটিএনএস বিভাগের ক্লাস খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃৃত শিক্ষার্থীরা হলেন: এফটিএনএস বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের মো. আবদুল্লাহ আল হাদী, মো. শাহাবুদ্দিন আহমেদ, মো. মাইনুল হাসান; তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের মো. শামীম উল হক, তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের কে এইচ আল আমিন, নুর নবী সিদ্দিকী, মো. সাইফুল ইসলাম, মো. কাউসারুল আলম এবং দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের সুব্রত কর্মকার। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৪ জানুয়ারি ২০১১ থেকে এই বহিষ্কারাদেশ কার্যকর হবে এবং বহিষ্কৃত শিক্ষার্থীদের বিনা অনুমতিতে ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এফটিএনএস বিভাগের শিক্ষার্থীরা বিএসসি (সম্মান) ডিগ্রির পরিবর্তে বিএসসি প্রকৌশল ডিগ্রির দাবিতে গত ১২ জুলাই থেকে আন্দোলন শুরু করেন। আন্দোলনের অংশ হিসেবে তাঁরা গত ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য, সহ-উপাচার্য, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ লাঠিপেটা করে আন্দোলনরত শিক্ষার্থীদের হটিয়ে দেয়। এ সময় ১১ ছাত্রকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই এফটিএনএস বিভাগের ক্লাসগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ওই বিভাগের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকলেও ওই বিভাগের শিক্ষার্থীরা প্রকৌশল ডিগ্রির দাবিতে টাঙ্গাইল শহরে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এফটিএনএস বিভাগের পুরো ঘটনা তদন্তের জন্য পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইউনুস মিয়াকে আহ্বায়ক এবং প্রক্টর মুহাম্মদ উমর ফারুককে সদস্যসচিব করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২০ কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উমর ফারুক বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থেই এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।