ভাসানী হলে পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মওলানা ভাসানী হলে জন্ডিস, টাইফয়েড, পেটের পীড়া, ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে বলে দাবি করেছেন হলের শিক্ষার্থীরা।দূষিত পানির কারণে গত এক মাসে হলের শতাধিক শিক্ষার্থী এসব রোগে আক্রান্ত হয়েছেন বলে দাবি করেন তাঁরা। তবে হল প্রশাসন দাবি করেছে, হলে পানিবাহিত রোগীর সংখ্যা ১০-১৫ জন।হলের একাধিক শিক্ষার্থী জানান, মওলানা ভাসানী হলের চারতলাবিশিষ্ট দুটি ব্লকে প্রায় আট শ শিক্ষার্থী রয়েছেন। এক মাস যাবৎ এসব ব্লকের একাধিক শিক্ষার্থী জন্ডিস, টাইফয়েড, পেটের পীড়া, ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগে ভুগছেন। আক্রান্তের সংখ্যা দিন-দিন বাড়তে থাকলে শিক্ষার্থীরা বিষয়টি হল প্রশাসনকে অবহিত করেন। হল প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় এবং মূল পানির পাম্প থেকে হলের পানি সংরক্ষণের স্থান পর্যন্ত কয়েকটি স্থানে সমস্যা সমাধানের উদ্যোগ নেয়। কিন্তু এখনো পুরোপুরিভাবে সমস্যার সমাধান হয়নি। এতে আক্রান্তের সংখ্যা না কমে বরং বেড়েই চলেছে বলে জানান শিক্ষার্থীরা।এদিকে গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির সরেজমিনে বিষয়টি দেখতে যান এবং হলে জন্ডিসের তিনজন রোগী রয়েছেন বলে জানতে পারেন। পরে হলের শিক্ষার্থীরা বিভিন্ন কক্ষে গিয়ে জানতে পারেন, হলে পানিবাহিত নানা রোগে প্রায় ১৬৭ জন আক্রান্ত হয়েছেন।এ সময় তাঁরা আক্রান্ত শিক্ষার্থীদের একটি তালিকা তৈরি করেন। গতকাল সকালে তাঁরা ওই ১৬৭ জন রোগীর তালিকা উপাচার্যের কাছে জমা দেন। তবে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে খোঁজ নিলে কর্তব্যরত চিকিৎসকেরা জানান, ১০-১৫ দিন আগে হলটিতে পানিবাহিত রোগ প্রকট আকার ধারণ করলেও বর্তমানে সে অবস্থা আর নেই।হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ মো. এমদাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, মূল পানির পাম্প থেক্রেহলের পানি সংরক্ষণের স্থান পর্যন্ত পানির পাইপের কয়েকটি স্থানে সমস্যা ছিল, তা মেরামত করা হয়েছে। হলে পানিবাহিত রোগীর সংখ্যা ১০-১৫ জন হতে পারে, এর বেশি নয়।