ভাসানীর নাম মুছে ফেলার চেষ্টা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার এক আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশের জাতীয় আন্দোলনের মহান নেতা ভাসানীকে ভুলিয়ে দেওয়ার নানা আয়োজন চলছে। ইতিহাসের এমন পাঠ তৈরি করা হচ্ছে, যাতে করে তাঁর নাম ইতিহাস থেকে মুছে ফেলা যায়। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘মওলানা ভাসানী ও আমাদের সময়ের রাজনীতি’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে গণসংহতি আন্দোলন।বক্তারা বলেন, মওলানা ভাসানী বাংলাদেশে অসাম্প্রদায়িক রাজনীতিরও পথিকৃৎ। তিনি জীবনের প্রতিটি স্তরে নিপীড়িত মানুষের, বিশেষত বাংলাদেশের কৃষকদের সংগ্রামের প্রতি নিবেদিত থেকেছেন। বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে মুক্তির লক্ষ্যে মওলানা ভাসানীর দেখানো সংগ্রামের পথেই এগিয়ে যেতে হবে। গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সূচনা বক্তব্য উত্থাপন করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। সভায় বক্তব্য দেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমেদ কামাল, অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর, জনগণের ঢাকা আন্দোলনের আহ্বায়ক ম. ইনামুল হক প্রমুখ।