ভাসানীর মৃত্যুবার্ষিকীতে বিএনপির কর্মসূচি
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৭ নভেম্বর, বৃহস্পতিবার। এ উপলক্ষে বিএনপি মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন কমিটি গঠন করে দুই দিনের কর্মসূচি নিয়েছে।
গতকাল মঙ্গলবার বিএনপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামানকে সদস্যসচিব করে জাতীয় কমিটি করা হয়েছে। আজ বুধবার সকালে কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা হবে। কাল সকালে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ ও ফাতেহা পাঠ করবে কমিটি। পরে কবর প্রাঙ্গণে আলোচনা সভা হবে। সেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ দলের নেতারা থাকবেন।
ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেবেল রহমান গানির নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাপ আগামীকাল সকালে পুরানা পল্টনে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে।