ভাস্কর মুকুলের জন্য একটি আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুকুল মুকসুদ্দীন
মুকুল মুকসুদ্দীন

ভাস্কর মুকুল মুকসুদ্দীন। দেশবিদেশের অনেক স্থানে শোভা পাচ্ছে তাঁর শিল্পকর্ম। আমাদের সবার সামনে আছে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে ‘জনতার দেয়াল’ নামের বিশাল ম্যুরাল। যেখানে টেরাকোটা শিল্পে বাংলার স্বাধীনতাসংগ্রামের ইতিহাসকে জীবন্ত করে তুলেছেন এই শিল্পী। এ কাজে তাঁর সঙ্গে ছিলেন আরও চার শিল্পী।
এখন নিজের জীবন বাঁচাতে লড়ে যাচ্ছেন মুকুল মুকসুদ্দীন। গত মে মাসে ধরা পড়েছিল কিডনির ক্যানসার। জীবন বাঁচাতে চিকিৎসকেরা তাঁর ডান কিডনিটি কেটে বাদ দিয়েছেন। এখন ক্যানসার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে নিয়মিত নিতে হচ্ছে ব্যয়বহুল কেমোথেরাপি। নিজের সামান্য সঞ্চয় আর বন্ধু-বান্ধবের সহায়তায় এ পর্যন্ত প্রায় ১৫ লাখ টাকা খরচ করে ফেলেছেন। চিকিৎসকেরা আশা দিয়েছেন, আর সাত-আটটি কেমোথেরাপি দিতে পারলে জীবন ফিরে পাবেন তিনি, ফিরতে পারবেন শিল্পসৃষ্টির কাজে। কিন্তু এ জন্য আরও প্রায় ২৫ লাখ টাকা দরকার হবে। কিন্তু মুকুল মুকসুদ্দীনের পক্ষে কুলিয়ে ওঠা আর সম্ভব হচ্ছে না। তাই তিনি চেয়ে আছেন আপনার-আমার সহায়তার আশায়।
দেশের প্রতিথযশা শিল্পীরাও এগিয়ে এসেছেন মুকুল মুকসুদ্দীনের জন্য। ২৪ জন সুপারিশ করেছেন এই শিল্পীকে সহায়তার জন্য। এঁদের মধ্যে আছেন শিল্পী কাইয়ুম চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, সৈয়দ আবদুল্লা খালিদ, হামিদুজ জামান খান, কনকচাঁপা চাকমা প্রমুখ।
সহায়তা করতে চাইলে ‘মুকুল মুকসুদ্দীন, সঞ্চয়ী হিসাব নং ১৫১০১০০৪৭০৬৭৪০০১, ব্র্যাক ব্যাংক’। যোগাযোগের জন্য ফোন নম্বর ০১৭১৫৩০৫১৪৩ ও ০১৬৮২০২৫৪৬৫।