ভাস্করদের জন্য স্থায়ী প্ল্যাটফর্ম গড়ার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারুকলা অনুষদের লেকচার থিয়েটার হলে গতকাল ভাস্কর সম্মিলনে প্রয়াত ভাস্করদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় ষ ছবি: প্রথম আলো
চারুকলা অনুষদের লেকচার থিয়েটার হলে গতকাল ভাস্কর সম্মিলনে প্রয়াত ভাস্করদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় ষ ছবি: প্রথম আলো

ভাস্করদের জন্য একটি উপযুক্ত প্ল্যাটফর্ম গড়ে জাতীয় পর্যায়ে তাঁদের শিল্পকর্ম বিকাশের পদক্ষেপ নেওয়া হবে। জাতীয় পর্যায়ে সারা দেশের ভাস্কর্যশিল্পের নিয়মিত প্রদর্শনী হবে। সূচনা প্রদর্শনী হিসেবে আগামী ১ জানুয়ারি থেকে পক্ষকালব্যাপী ভাস্কর্য প্রদর্শনী হবে শিল্পকলা একাডেমীতে। গতকাল শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের উদ্যোগে চারুকলা অনুষদের লেকচার থিয়েটার হলে দেশে প্রথমবারের মতো আয়োজিত ভাস্কর সম্মিলনে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্মিলনে ভাস্করদের জন্য স্থায়ী ক্ষেত্র তৈরির সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ২৩ জন ভাস্করকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়। এ ছাড়া জ্যেষ্ঠ ভাস্করদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি করা হয়। প্রধান সমন্বয়কারী করা হয় লালারুখ সেলিমকে।
সম্মিলনে অপরাজেয় বাংলার ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ বলেন, ভাস্করদের অস্তিত্ব রক্ষার জন্য সব ভাস্করকে একই প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে।
ভাস্কর হামিদুজ্জামান খান বলেন, ‘মনে হচ্ছে, আমার বয়স অনেক কমে গেছে। আমিও ভাস্করদের অস্তিত্ব রক্ষায় ভূমিকা পালন করতে পারব।’
ভাস্কর রাশা ক্ষোভ জানিয়ে বলেন, ‘ভাস্করদের ভাস্কর্য নিয়ে বাণিজ্য চলছে। এটা প্রতিহত করতে হলে আমাদের অধিকার আমাদেরই ছিনিয়ে নিতে হবে।’
সম্মিলনে অন্যদের মধ্যে ফেরদৌসী প্রিয়ভাষিণী,মৃণাল হক মজিবুর রহমান, শ্যামল চৌধুরী, লালারুখ সেলিম, আইভী এবং সারা দেশ থেকে আসা নবীন প্রতিনিধিরা বক্তব্য দেন।