ভাস্কর্য
একাডেমিক প্রশিক্ষণ না থাকলেও যা দেখেন, তা কাদামাটি দিয়ে বানাতে পারেন বগুড়ার আলমগীর হোসাইন। শিশুবেলা থেকেই এসব করা তাঁর শখ। এবার তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের ভাস্কর্য বানিয়েছেন। বগুড়া শহরের জহুরুল নগরের আলমগীর হোসাইন বিদ্যালয়ের গণ্ডি না পেরিয়েই অর্থ উপার্জনে নেমে পড়েন। ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড, দেয়াললিখন এবং সুযোগ অনুযায়ী ভাস্কর্য তৈরি করে পেট চালান। মাদার তেরেসা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্য তৈরি করেছেন। এবার তৈরি করেছেন বঙ্গবন্ধুর ছয় ফুট এক ইঞ্চি উচ্চতার ভাস্কর্য। আলমগীর বলেন, ‘একাত্তরের ৭ মার্চের বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ মানুষের মনকে নাড়িয়ে দেয়। জাগিয়ে তোলে বাঙালিকে। ভালোবাসতে শেখায় দেশকে। সেই অনুপ্রেরণায় তৈরি এই ভাস্কর্য শেখ হাসিনার কাছে পৌঁছে দিতে চাই। দলের স্থানীয় নেতাদের অনেকের সঙ্গে যোগাযোগ করে কোনো সাড়া পাইনি।’ছবি: লেখা: মিলন রহমান