ভাস্কর্য অপসারণের দায় কার: ওয়ার্কার্স পার্টি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর প্রশ্ন, ভাস্কর্য স্থাপনে সুপ্রিম কোর্ট যেভাবে সিদ্ধান্ত নিল, আবার যেভাবে অপসারণ করল, এর দায় কার ঘাড়ে বর্তায়? পলিট ব্যুরোর দাবি, সুপ্রিম কোর্টকে একটি বিবৃতি দিয়ে পুরো বিষয়টি পরিষ্কার করতে হবে।
গতকাল শনিবার দলের পলিট ব্যুরোর সভার প্রস্তাবনায় এ কথা বলা হয়। দলের সভাপতি রাশেদ খান মেনন এতে সভাপতিত্ব করেন। সভায় ভাস্কর্য অপসারণ প্রসঙ্গে বলা হয়, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভাস্কর্য স্থাপনের পর তা অপসারণ করার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সংবিধানের দৃষ্টিভঙ্গির সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করা হলো। এটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির জন্য শুভ লক্ষণ নয়।
সভায় বলা হয়, ওয়ার্কার্স পার্টি আগেই বলেছিল, এই ভাস্কর্য অপসারণ করা হলে মুক্তিযুদ্ধ-স্বাধীনতা ভাস্কর্য, বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ভেঙে ফেলার মৌলবাদী দাবি জোরদার হবে। হেফাজতসহ ধর্মান্ধ দলগুলো সেই দাবি তুলেছে। সভায় উপস্থিত ছিলেন পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, নুরুল হাসান, নুর আহমদ বকুল, কামরূল আহসান প্রমুখ।