ভাস্কর্য দেখে যত ভাবনা

ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে আছেন কয়েকজন পথচারী। বয়সে তরুণ। একজন বলছেন, মনে হয় ক্রিকেট বল উড়িয়ে মারছে ব্যাট দিয়ে। অন্যজন বলছেন, প্লেনের মতো লাগছে। আরেকজন বললেন, মনে হয় গুলি করছে। পিস্তল বা স্টেনগান হাতে! একজন কেবল বললেন, মা সন্তানকে দোল দিচ্ছে।
হাতিরঝিলের পূর্ব অংশে স্থাপন করা হয়েছে একটি ভাস্কর্য। তা দেখেই এত এত মন্তব্য ওই পথ দিয়ে চলাচলকারী মানুষের। রামপুরা ব্রিজ ও হাতিরঝিলের ইউলুপের সংযোগস্থলে কালো ভিত্তির ওপর দাঁড় করানো হলুদ রঙের ভাস্কর্যটি গত ২৪ মার্চ বসানো হয়েছে। এতে এখনো কোনো নামফলক বসানো হয়নি।
সেখানে উপস্থিত সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থী সিজান আহমেদ ও মাহমুদুল হক দাবি করেছেন, দেখে তাঁরা বুঝতে পারেননি কী বানানো হয়েছে। সিজান বললেন, ‘মনে হয়, মুক্তিযুদ্ধের কোনো বিষয় নিয়ে কিছু হবে।’
অবশ্য ভাস্কর্যটি দেখে স্নাতকের শিক্ষার্থী আলিয়া জেসমিন ও সৌহার্দ্য সাদমানের মনে হচ্ছে, সন্তানকে নিয়ে হাতিরঝিলে ঘুরতে এসেছেন মা। তাঁরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করছেন।
হাতিরঝিলের ভ্র্যাম্যমাণ পানবিক্রেতা জয়দেব চন্দ্র হাওলাদার ও মো. নাজিরউদ্দিন প্রামাণিক অনেক চিন্তা করে বলেলন, ‘ছোডটা ছেলে, বড়টা মা।’ ‘আমি শুনছি মা বাচ্চাকে নিয়ে খেলতাছে। কিন্তু সত্য ঘটনা কী তা ওরাই (কর্তৃপক্ষ) বলতে পারবে।’ সোজাসাপটা মন্তব্য শরবত বিক্রেতা ডলির।
এই নানা কথার সারবত্তা জানানোর পর হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মেজর কাজী শাকিল হোসেন প্রথম আলোকে বললেন, ভাস্কর্যটি হাতিরঝিলের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে তৈরি করা হয়েছে। এটি আগত দর্শকদের ভালোবাসা ও স্নেহের বার্তা দিচ্ছে। এটি দেখে নারীর অবয়ব মনে হলেও তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়নি।
ভাস্কর্যটির কোনো নামফলক না থাকার বিষয়ে শাকিল হোসেন বলেন, নামফলক তৈরি করতে দেওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যে তা লাগানো হবে।
ভাস্কর্যের নির্মাতা স্থপতি মোর্শেদ জাহাঙ্গীর বললেন, একধরনের স্মৃতিকাতরতাবোধ থেকে এবং পারিবারিক বন্ধনের প্রতীক হিসেবে ভাস্কর্যটি তৈরি করা হয়েছে। তাঁর মতে, পরিবারে মা-ই কেবল নন, বড় ভাইবোন, মামা-চাচা-খালা যে কেউ শিশুকে এই দোল দিতে পারেন। তবে মা-শিশুর বন্ধনই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় শিল্পকর্মে। তিনি বলেন, দূর থেকে দেখলে ভাস্কর্যটি কাঠি দিয়ে তৈরি বলে মনে হতে পারে। এটি আসলে স্টিলের পাইপ দিয়ে তৈরি করা হয়েছে। ভালোবাসার উষ্ণতা ও প্রকৃতির সজীবতা বোঝাতে ভাস্কর্যটির রং হলুদ করা হয়েছে বলে জানান তিনি।
মোর্শেদ জাহাঙ্গীর ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের চারুকলা বিভাগ থেকে চিত্রকলায় পড়াশুনা করেছেন। কাজ করছেন সমসাময়িক চিত্রকর্ম নিয়ে। তিনি বলেন, হাতিরঝিলের এই ভাস্কর্য তৈরির কাজে তাঁকে সহযোগিতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ভাস্কর্য বিভাগের সাবেক শিক্ষার্থী রূপম রায়।