ভাস্কর্য নির্মাণের কাজ দেওয়া হয়েছে দরপত্র ছাড়াই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরপত্র ছাড়াই রংপুর কারমাইকেল কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘প্রজন্ম ৭১’ পুনর্নির্মাণের কাজ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে পাস করা নবীন একজন ভাস্করকে দিয়ে এই কাজ করানো হচ্ছে। নবীন এই ভাস্কর ১৯৯১ সালে করা ভাস্কর্যের মূল নকশায়ও পরিবর্তন এনেছেন বলে জানা গেছে।কলেজ সূত্রে জানা যায়, প্রজন্ম ৭১-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ১৯৯১ সালে। ভাষাসৈনিক প্রয়াত গাজীউল হক ওই বছরের জুলাইয়ে ভাস্কর্যের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন। এর কয়েক দিন পরই ছাত্রশিবির ওই ফলকসহ ভাস্কর্যের মূল বেদির কিছু অংশ ভেঙে ফেলে। শিবিরের বাধার কারণে ১৯ বছরেও নির্মাণ করা সম্ভব হয়নি ভাস্কর্যটি। সম্প্রতি এটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রজন্ম ৭১-এর মূল নকশা করেন ভাস্কর অনিক রেজা। কলেজ কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে তিনি কাজও শুরু করেন। এখন তাঁকে বাদ দিয়ে দরপত্র ছাড়াই ভাস্কর সামিরা খানমকে সেই কাজ দেওয়া হয়েছে।১৮ অক্টোবর ভাস্কর অনিক রেজার পক্ষে রংপুর প্রেসক্লাবে স্থানীয় সুধীসমাজ সংবাদ সম্মেলন করে। এতে লিখিত বক্তব্য পড়েন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাখাওয়াত রাংগা। উপস্থিত ছিলেন রাজনীতিক মো. আফজাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম এ বাশার, আশাফা সেলিম, নূরুন্নবী শান্ত প্রমুখ। সংবাদ সম্মেলনে মূল নকশা ঠিক রেখে অনিক রেজাকে দিয়েই ভাস্কর্য পুনর্নির্মাণের দাবি জানানো হয়।যোগাযোগ করা হলে কারমাইকেল কলেজের অধ্যক্ষ আবদুল ওয়াদুদ বলেন, ভাস্কর অনিক রেজা সঠিকভাবে দায়িত্ব পালন না করায় নতুন ভাস্করকে কাজ দেওয়া হয়। দরপত্র ছাড়াই নয় লাখ টাকার কাজ দেওয়ার ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।ভাস্কর্য পুনর্নির্মাণ আহ্বায়ক কমিটির প্রধান রিয়াজুল ইসলাম বসুনিয়া ভাস্কর্যের মূল নকশা পরিবর্তন এবং দরপত্র ছাড়াই কাজ দেওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, ‘স্পট কোটেশন’-এর মাধ্যমে কাজ দেওয়া হয়েছে। কোন পত্রিকায় স্পট কোটেশনের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তা জানাতে পারেননি তিনি।কলেজ কর্তৃপক্ষের অভিযোগ অস্বীকার করে ভাস্কর অনিক রেজা বলেন, ‘ভাস্কর্য পুনর্নির্মাণের ব্যাপারে তারা আমার সঙ্গে কোনো কথা বলেনি।’যোগাযোগ করা হলে ভাস্কর সামিরা খানম দাবি করেন, প্রজন্ম ৭১-এর মূল নকশা করেন স্থপতি রবিউল হুসাইন। স্পট কোটেশনের মাধ্যমে নিয়মনীতি অনুসরণ করেই তিনি এ কাজ পেয়েছেন।