ভাস্কর্য ভাঙার দাবি মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী: মেনন

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, একটি ধর্মীয় গোষ্ঠী দেশে ভাস্কর্য ভেঙে ফেলার যে দাবি করেছে, তা ধর্মান্ধতা ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। এ ধরনের দাবি মেনে নেওয়া যায় না। ধর্মান্ধতা রোধ না করা হলে জাতি সামনে এগিয়ে যেতে পারবে না।
‘পিছিয়ে থাকবে না কোনো দলিত’ (লিভিং নো দলিত বিহাইন্ড) শিরোনামে রাজধানীর গ্যালারি ২১-এ দুই দিনব্যাপী একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী এসব কথা বলেন। গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কালেকটিভ-আরডিসি এ আলোকচিত্র প্রদর্শনীটির আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী বলেন, ‘দেশ উন্নয়নের ধারায় এগিয়ে চলছে। তবে এই ধারা থেকে কিছু সুবিধাবঞ্চিত মানুষ ছিটকে পড়ছে, যা মানা যায় না। আদিবাসী দলিতসহ প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়নে আমাদের সবার কাজ করতে হবে।’

রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা দলিতদের মানবেতর জীবনযাপনের চিত্র এই স্থিরচিত্রগুলোর মধ্য দিয়ে তুলে এনেছেন দুই তরুণ আলোকচিত্রী মৃত্তিকা কামাল ও উজান রহমান। আজ ১২ ফেব্রুয়ারি ও আগামীকাল ১৩ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সাত মসজিদ রোড, তাজ লিলি গার্ডেনের ১১ তলায় আলোকচিত্র প্রদর্শনীটি চলবে।
অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী আলোকচিত্রীদের ধন্যবাদ জানান। তিনি সমাজের পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠীর বর্তমান অবস্থা শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপন করতে হবে।

আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরডিসির চেয়ারপারসন অধ্যাপক মেসবাহ কামাল। এতে স্বাগত বক্তব্য দেন আরডিসির ট্রাস্টি শিরিন খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভয়েস আমেরিকার সাংবাদিক শামীম চৌধুরী এবং খ্রিষ্টান এইডের প্রোগ্রাম ম্যানেজার সঞ্জীব বিশ্বাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাত-এ-ফেরদৌসী।
