ভাস্কর্য সরানোর বিষয়ে ১৪ দলে তর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানো নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের বৈঠকে তর্ক-বিতর্ক হয়েছে। আওয়ামী লীগের একজন নেতা অভিযোগ করেন, এই ইস্যুতে জোটের অনেক নেতার বক্তব্যে জনগণের কাছে খারাপ বার্তা গেছে। অন্যদিকে শরিক দলের এক নেতা সরকারকে জেনেবুঝে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন।

গতকাল আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে ১৪ দলের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ছিলেন এমন একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, বৈঠকের একপর্যায়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভাস্কর্য অপসারণের পর দেখা গেল জোটের একেক নেতা একেক রকম কথা বলছেন। হেফাজতের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণের অভিযোগ তোলা হয়েছে। সরকারকে নির্লজ্জ বললেন কেউ কেউ। ১৪-দলীয় জোটের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই জোট থেকে বিরোধী দলের সুরে কথা বলা ঠিক নয়। এতে মানুষের কাছে খারাপ বার্তা যায়। শরিকদের বুঝেশুনে কথা বলা উচিত।

উপস্থিত আওয়ামী লীগের অন্য নেতারা হানিফের এই বক্তব্যের সমর্থন করেন। এরপর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা নির্দিষ্ট করে বলার আহ্বান জানান। জবাবে হানিফ ওয়ার্কার্স পার্টির নাম উল্লেখ করেন। তখন ফজলে হোসেন বাদশা বলেন, ১৪ দলের নীতি ও আদর্শকে সমুন্নত রেখেই ওয়ার্কার্স পার্টি বিভিন্ন ইস্যুতে বক্তব্য দেয়। ভাস্কর্য অপসারণের পর দলের পলিটব্যুরোর বৈঠক ডেকে আনুষ্ঠানিক বক্তব্য উপস্থাপন করা হয়েছে। ওয়ার্কার্স পার্টি যেন-তেন পার্টি নয়, পার্টি যা বলে দায়িত্ব নিয়ে বলে। তিনি আওয়ামী লীগ নেতাদের জেনে বুঝে কাজ করার আহ্বান জানান।

গতকালের বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল বাজেট, ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ ও রাঙামাটির লংগদু গ্রাম পোড়ানোর ঘটনা। বৈঠক শেষে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত তুলে ধরেন। তিনি বলেন, বাজেট নিয়ে মানুষের প্রতিক্রিয়া বা পর্যবেক্ষণ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—আমানতের ক্ষেত্রে আবগারি শুল্ক ও সারচার্জ। তাঁর বিশ্বাস, অর্থমন্ত্রী এই বিষয়ে বিশেষ বিবেচনা করবেন।