ভাস্কর্যে সময়ের প্রতিচ্ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়ঁস ফ্রঁসেজে জহর কুমার সিংহের ভাস্কর্য প্রদর্শনী দেখছেন দর্শকেরা। ছবিটি গতকাল সন্ধ্যা সাড়ে ­সাতটায় তোলা l প্রথম আলো
আলিয়ঁস ফ্রঁসেজে জহর কুমার সিংহের ভাস্কর্য প্রদর্শনী দেখছেন দর্শকেরা। ছবিটি গতকাল সন্ধ্যা সাড়ে ­সাতটায় তোলা l প্রথম আলো

আলিয়ঁস ফ্রঁসেজে গ্যালারিতে ঢুকে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়াতে হলো। সেখানে গাছের গুঁড়ি কেটে ত্রিমাত্রিক কাঠামোতে তৈরি করা হয়েছে একটি হাতের থাবা। তার করতলে পড়ে রয়েছে অনেকগুলো হাত ও পায়ের অবয়ব। হাত ও পায়ের কাঠামোগুলোর এ রকম প্রতীকী উপস্থাপনা গত ১৩ জুন রাঙামাটির ভয়াবহ পাহাড়ধসের স্মৃতিকে উসকে দেয়। শিল্পী জহর কুমার সিংহের এই ভাস্কর্যটির নাম ‘ভূমিধসের দুঃখ’।

গতকাল সোমবার সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম নগরের আলিয়ঁস ফ্রঁসেজের গ্যালারিতে ছয় দিনব্যাপী শিল্পী জহর কুমার সিংহের ‘অরণ্যে শেকড়ে’ শিরোনামে একক ভাস্কর্য প্রদর্শনীতে স্থান পায় এই শিল্পকর্মটি। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় ফরাসি দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স জাঁ পিয়ের পোঁসে, অতিথি ছিলেন আলিয়াঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক রাফায়েল ইয়েগার, আলিয়াঁস ফ্রঁসেজের পরিচালনা পরিষদের সভাপতি শামসুউদ্দীন খান ও চারুকলা ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী।

 মানুষ, যুদ্ধ, গণহত্যা, ধর্ষণ, শিশু নির্যাতন, জাতিগত অধিকার ও সমকালীন বিষয়সমূহকে শিল্পী জহর ফুটিয়ে তুলেছেন ৪০টি শিল্পকর্মে। গাছের গুঁড়ি, শেকড় ও বাঁশের ব্যবহারে তৈরি করা নান্দনিক ভাস্কর্যগুলোর কথা অনেক দিন মনে থাকবে বলে মন্তব্য করেছেন অনেক দর্শক। একটি উল্লেখযোগ্য শিল্পকর্ম হলো ‘রাজনের স্মরণে’। এখানে দেখা যায় একটি খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে শিশু দেহের অবয়ব। শিশুটি চিৎকারের ভঙ্গিতে। দেখেই দর্শকের মনে পড়বে শিশু রাজনের কথা। ২০১৫ সালে ৮ জুলাই সিলেট-সুনামগঞ্জ এলাকায় শিশু রাজন নির্যাতনে নিহত হয়েছিল। এ ছাড়াও ভালো লেগেছে মণিপুরের লৌহমানবী ইরম শর্মিলা চানুকে নিয়ে করা ভাস্কর্য, পাখাংবা, আশীর্বাদ, মাতৃত্ব, হিরোশিমা স্মরণ, প্রতিকৃতি লালন ও রবীন্দ্রনাথ। প্রদর্শনীটি আগামী ২ সেপ্টেম্বর প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। 

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের এক ফাঁকে আলিয়াঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক রাফায়েল ইয়েগারকে বিদায় জানানো হয়। তিনি গত চার বছর ধরে চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজে কর্মরত ছিলেন। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি নতুন পদে যোগদানের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন।