ভাস্কর্যে সিসি ক্যামেরা ও খুঁটি পুঁতে সৌন্দর্য নষ্ট

১৯৭১ সালের ১৯ মার্চ গাজীপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ করে গাজীপুরের বীর জনতা। সেই স্মৃতি ধরে রাখতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় গড়ে তোলা হয় জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্য। পুলিশের সিসি ক্যামেরা ও খুঁটি পুঁতে ভাস্কর্যটির সৌন্দর্য নষ্ট করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভাস্কর্যটিতে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩ নম্বর সেক্টরের ১০০ জন এবং ১১ নম্বর সেক্টরের ১০৭ জন শহীদ সৈনিক ও মুক্তিযোদ্ধার নাম উৎকীর্ণ করা আছে। সেই ভাস্কর্যের পাশে একটি স্টিলের খুঁটি পুঁতে টানা হয়েছে বিদ্যুতের তার। জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্যের পায়ের কাছে চারটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বসানো হয়েছে একটি স্টিলের বক্স। চার-পাঁচ মাস আগে মহাসড়কের যানবাহন নিয়ন্ত্রণ করতে গাজীপুর পুলিশ সিসি ক্যামেরাগুলো স্থাপন করে।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার সড়কদ্বীপে অবস্থান জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্যের। সেটির চারদিকে গোলাকারভাবে নিরাপত্তাদেয়াল ও রড দিয়ে ঘেরা। এর পাশ দিয়ে সিটি করপোরেশনের আবর্জনা ফেলা হচ্ছে যেখানে-সেখানে। ভাস্কর্যটির পেছন দিকে, মানে উত্তর পাশে কোমর পর্যন্ত স্টিলের খুঁটি পোঁতা হয়েছে। পাশের একটি ভবন থেকে ওই খুঁটিতে তার টানা হয়েছে। ভাস্কর্যের ডান পায়ে একটি বক্স বাঁধা হয়েছে এবং স্থাপন করা হয়েছে চারটি সিসি ক্যামেরা। ভাস্কর্যটির সামনে একটি ফলকে গাজীপুরের বাসিন্দা ভাওয়ালরত্ন খেতাবপ্রাপ্ত নূরুল ইসলামের লেখা রয়েছে, ‘ডান হাতে তাজা গ্রেনেড আমার, বাম হাতে রাইফেল। বিদ্রোহী আমি মুক্তি পিয়াসী, প্রাণ সদা উদ্বেল। আমি তোমাদের চেনা, আমি যে মুক্তিসেনা’।
গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার এস এম মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্যটি মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য। সেখানে পুলিশের সিসি ক্যামেরা স্থাপন করে সৌন্দর্য নষ্ট করা হয়েছে। তিনি সিসি ক্যামেরাগুলো সরিয়ে অন্য স্থানে স্থাপন করার দাবি জানিয়েছেন।
গাজীপুরের ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, যানবাহন নিয়ন্ত্রণ করতে গাজীপুরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। সেগুলো এখনো সচল রয়েছে। পাশে কোনো জায়গা না থাকায় সেখানে স্থাপন করা হয়।