ভাস্কর্যের খুলিতে মিলল ৭০০ বছরের পুরোনো নোট!

১৪ শতকের কাঠের তৈরি ভাস্কর্যের ভেতর থেকে প্রায় ৭০০ বছরের পুরোনো একটি ব্যাংক নোটের সন্ধান পাওয়া গেছে। অস্ট্রেলিয়া-ভিত্তিক নিলাম প্রতিষ্ঠান মসগ্রিনের এশীয় শিল্প বিভাগের প্রধান ট্রেগাসকিস ওই স্থাপত্যটির নিচের অংশটি দেখার সময় নোটটির সন্ধান পান।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেগাসকিস ওই ভাস্কর্যের খুলির ভেতরে একটি মোড়ানো কাগজের টুকরা দেখতে পান। পরে গভীরভাবে পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, সেটি চীনের মিং রাজবংশের ৭০০ বছরের পুরোনো একটি ব্যাংক নোট; যা চীনের প্রথম দিকের ছাপার মুদ্রাগুলোর মধ্যে অন্যতম।
ট্রেগাসকিস বলেন, ‘কাঠের একটি বৌদ্ধ ভাস্কর্যের মধ্য থেকে ব্যাংক নোট থাকার বিষয়টি এই প্রথম আমরা জানতে পারলাম। ওই ব্যাংক নোটের টেক্সট অনুবাদ করার পর আমরা খুবই উত্তেজিত, অভিভূত।’
বিভিন্ন ধরনের সম্পদ সংরক্ষণের ভান্ডার হিসেবে প্রাচীনকালের বৌদ্ধ ভাস্কর্যের ব্যবহার রয়েছে। তবে এর ভেতর থেকে ব্যাংক নোট পাওয়ার বিষয়টি একটি স্বতন্ত্র আবিষ্কার।
নিলাম প্রতিষ্ঠান মসগ্রিনের এশীয় শিল্প বিশেষজ্ঞ লিউক গুয়ান বলেন, ‘স্বর্ণমণ্ডিত ব্রোঞ্জ স্থাপত্যের ভেতর থেকে বৌদ্ধ ভিক্ষুদের রাখা ধর্মীয় বাণী, পবিত্র স্মরণচিহ্ন, শস্য, অল্প মূল্যবান পাথর সচরাচরই পাওয়া যায়। তবে আমরা কখনোই প্রাচীনকালের কাঠের স্থাপত্য থেকে অর্থ পাওয়ার কথা শুনিনি।’
নোটের ওপর তারিখ থাকায় মসগ্রিনের বিশেষজ্ঞরা ওই মুদ্রার বয়স নিশ্চিত হতে সক্ষম হয়েছেন। তবে ওই শিল্পকর্মটির ভেতরে কিভাবে ব্যাংক নোটটি রাখা হয়েছিল—তা জানা সম্ভব হয়নি। তবে মসগ্রিনের বিশেষজ্ঞদের ধারণা ভাস্কর্যটি তৈরি করার ৪০ বা ৫০ বছর পর সেটি মেরামতের সময় এর মালিক ওই ব্যাংক নোটটি ঢোকান।
কাঠের ওই ভাস্কর্যটি লুয়োহানের প্রধানের। বৌদ্ধ সংস্কৃতি অনুযায়ী লুয়োহান হলেন ‘শুদ্ধ ব্যক্তি’, যিনি নির্বাণ লাভ করছেন।