ভাড়া ও যাত্রী দুর্ভোগ কমানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে গণপরিবহনের অপ্রতুলতা অন্যদিকে তাতে নিয়ন্ত্রণহীন ভাড়া আদায়। রাস্তায় ব্যক্তিগত গাড়ি চলাচলে প্রাধান্য পাওয়ায় মানুষ এ ধরনের গাড়ির দিকেই বেশি ঝুঁকছে। ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়ায় যাত্রীদের অসহনীয় যানজট ও অন্যান্য দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। 

তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভাড়া ও যাত্রী দুর্ভোগ কমানোর দিকে নজর দিতে হবে।
আজ শনিবার সকালে রাজধানীর শাহবাগে চারুকলা অনুষদের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট, অরুণোদয়ের তরুণ দল এবং মাস্তুল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়েছে। পবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
মানববন্ধনে আলোচকেরা বলেন, নগরের পরিবহন ব্যবস্থায় চলছে চরম নৈরাজ্যকর পরিস্থিতি। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো যানবাহন পাওয়া যায় না। নারী যাত্রীদের পক্ষে ভদ্রোচিতভাবে যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি গণপরিবহনের ভাড়া নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে। যত্রতত্র ব্যক্তিগত গাড়ি পার্কিং করায় ফুটপাত দিয়ে হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়েছে। পাবলিক বাস, রেল, রিকশা, সাইকেল, হাঁটা এই মাধ্যম গুলির প্রতি অবহেলা ও চলাচলের পরিবেশ উন্নত না করার ফলেই এ ধরনের সমস্যা হচ্ছে।
আলোচকেরা বলেন, ঢাকায় শতকরা ৯৫ ভাগ মানুষ প্রতিদিন যাতায়াত করে পায়ে হেঁটে, বাসে বা রিকশায়। মাত্র ৫ ভাগ মানুষ ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে। অথচ তাদের প্রাধান্য দিয়েই সব ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। রাস্তায় সিএনজি চালিত অটোরিকশা, ট্যাক্সি, স্কুটার কম থাকায় চালকেরা স্বাভাবিক ভাড়ার চেয়ে দ্বিগুণ কখনো তিনগুণ ভাড়া আদায় করছে। বাসেও একই অবস্থা।
মানববন্ধনে পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন পবার সমন্বয়কারী আতিক মোরশেদ, বাংলাদেশ পিস মুভমেন্টের সভাপতি কামাল আতাউর রহমান, ডাব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা আতিকুর রহমান, মাস্তুল ফাউন্ডেশনের সভাপতি কাজী আরিফ প্রমুখ।