কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী মানুষের চাপ গত দুই দিনে অনেক কমেছে। ফলে এই পথে গাড়িভাড়া কমাতে বাধ্য হয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে যাত্রীদের ভোগান্তি রয়ে গেছে। বিশেষ করে খোলা পিকআপ ভ্যানে যাঁরা উঠছেন, তাঁদের প্রচণ্ড রোদে পুড়তে হচ্ছে। গাদাগাদি করে লোকজন তোলায় স্বাস্থ্যবিধির বালাই থাকছে না।
যাত্রী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতিতে কঠোর বিধিনিষেধ বলবৎ থাকায় অন্যান্য এলাকার মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার সকাল থেকেই দাউদকান্দি উপজেলার বলদাখাল এলাকায় মহাসড়কে তল্লাশিচৌকি বসায় হাইওয়ে থানার পুলিশ। সেখানে মাইক্রোবাসসহ যাত্রী পরিবহনে যুক্ত ঢাকাগামী যানবাহন আটকে মামলা দেওয়া হচ্ছে। যাত্রীদেরও জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন, সেটা প্রমাণ করতে হচ্ছে। এই পরিস্থিতিতে তৈরি পোশাক কারখানার শ্রমিক, ব্যবসায়ীসহ জরুরি কাজে বাইরে আসা লোকজন যানবাহন সংকটে পড়েছেন। অনেকে কয়েক দফায় যানবাহন পাল্টে ঢাকায় পৌঁছাচ্ছেন।
গণপরিবহনে দাউদকান্দির গৌরীপুর থেকে ঢাকার গুলিস্তান পর্যন্ত ৫০ কিলোমিটার সড়ক। এই পথে গণপরিবহনে স্বাভাবিক সময়ে প্রত্যেক যাত্রীর ভাড়া লাগে ৫০ টাকার মতো। কঠোর বিধিনিষেধে যাত্রীবাহী বাসসহ সব গণপরিবহন বন্ধ থাকায় সেই ভাড়া বহু গুণে বেড়ে যায়। গত সোমবারও প্রাইভেট কার এবং মাইক্রোবাসে জনপ্রতি ভাড়া লেগেছে ৫০০ টাকা; পিকআপ ভ্যানে ভাড়া ছিল ২০০ টাকার মতো।
তবে মঙ্গলবার সকাল থেকে সড়কে যাত্রীর চাপ অনেকটা কমে যায়। ফলে যানবাহনের চালকেরা ভাড়া কমিয়ে দিতে বাধ্য হয়েছেন। গতকাল মঙ্গলবার দিনব্যাপী দাউদকান্দির গৌরীপুর এবং টোল প্লাজা থেকে ঢাকার কাঁচপুর পর্যন্ত মাইক্রোবাসযোগে জনপ্রতি ৩০০ টাকা এবং পিকআপযোগে জনপ্রতি ১০০ টাকা ভাড়ায় যাত্রীরা ঢাকায় পৌঁছেছেন। অনেকে আবার ব্যাটারিচালিত রিকশার মতো ছোট ছোট যানের ওপর ভরসা করছেন। তাঁরা কয়েক দফা গাড়ি পাল্টে ঢাকায় পৌঁছাতে পারছেন। সব মিলিয়ে ভাড়া লাগছে ২০০ টাকার মতো।
গাড়িভাড়া কমলেও যাত্রীদের ভোগান্তি কমেনি। কারণ, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যানবাহনে অতিরিক্ত যাত্রী তোলা হচ্ছে। প্রচণ্ড রোদের মধ্যে গাড়িতে গাদাগাদি করে বসে থাকতে গিয়ে নাভিশ্বাস উঠছে যাত্রীদের। যানবাহন সংকটের কারণে অনেককে আবার রাস্তায় অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়।
আজ বেলা ১১টায় দাউদকান্দির টোল প্লাজায় কথা হয় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মাইনুদ্দিনের সঙ্গে। ঢাকার এই ব্যবসায়ী বলেন, গত ২২ জুলাই তিনি পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। কয়েক দফা গাড়ি পাল্টে দাউদকান্দির টোল প্লাজা পর্যন্ত পৌঁছাতে স্বাভাবিকের চার গুণ বেশি টাকা খরচ হয়েছে। এখান থেকে পিকআপযোগে ঢাকায় যাবেন। ভাড়া বেশি, এটা এক সমস্যা। তার ওপর গাদাগাদি করে যাত্রী তোলা হচ্ছে। স্বাস্থ্যঝুঁকির কথা কেউ ভাবছেন না।
একইভাবে কুমিল্লার মুরাদনগর উপজেলার সঞ্চয় চন্দ্র, দাউদকান্দির মো. শাহজাহান, তাঁর স্ত্রী মনিরা আক্তার ও শিশুসন্তান আমেনা আক্তার, চাঁদপুর সদর উপজেলার নূর গাজী, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার হাবিবুর রহমানসহ অনেকে একই পরিস্থিতিতে পড়েন। তাঁদের কেউ পোশাক কারখানার কর্মী, কেউ চাকরিজীবী। কেউবা চিকিৎসার মতো জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন। যানবাহন সংকটে ভোগান্তিতে পড়েন সবাই।
দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সুলতান উদ্দিন বলেন, ‘সরকারের নির্দেশনা মোতাবেক আমরা যথাযথভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। বিধিনিষেধ না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ বিধিনিষেধ মেনে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে সবার প্রতি অনুরোধ জানান তিনি।