ভাড়া করা শ্রমিক দিয়ে চলছে প্যারাবন পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের অধীনে কক্সবাজারের মহেশখালীর গোরকঘাটা রেঞ্জের সৃজিত প্যারাবন বাইরে থেকে ভাড়া করা শ্রমিক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে। তিনজন বনপ্রহরী দিয়ে প্রায় ১০ হাজার একর প্যারাবন পাহারা দেওয়া সম্ভব না হওয়ায় স্থানীয়ভাবে মাসিক চুক্তিতে চারজন শ্রমিক নিয়োগ দেয় বন বিভাগ। এরপরও কাঠ পাচারকারিদের হাত থেকে বনাঞ্চল রক্ষা করতে পারছে না বন বিভাগ। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার গোরকঘাটা রেঞ্জের অধীন সাতটি বিটের মধ্যে চারটি বিটে কোনো বনপ্রহরী নেই। আর পাঁচটি বিটে নেই কোনো বিট কর্মকর্তা। ফলে বিট কর্মকর্তা, বনপ্রহরীসহ জনবলসংকটে ১০ হাজার একর প্যারাবন রক্ষা করতে গিয়ে বেকায়দায় পড়েছে বন বিভাগ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোরকঘাটা রেঞ্জের অধীন সাতটি বিটের মধ্যে মাতারবাড়ি বিটে ৮০০ একর, ঝাপুয়ায় ১২০০ একর, বড়দিয়ায় ৫০০ একর, ঘটিভাঙ্গায় সাড়ে চার হাজার একর, সোনাদিয়া দ্বীপে ১৫০০ একর, গোরকঘাটা সদরে ৫০০ একর ও পোকখালীতে এক হাজার একর প্যারাবন রয়েছে। এসব বনাঞ্চল রক্ষা ও পাহারা দেওয়ার জন্য আছেন তিনটি বিটে মাত্র তিনজন বনপ্রহরী। তাঁরা হলেন ঘটিভাঙ্গা বিটের বনপ্রহরী জাকির হোসেন, সোনাদিয়া বিটে শাহাব উদ্দিন ও গোরকঘাটা সদর বিটে মজলু মিয়া। অন্য চার বিটে বনপ্রহরী নেই। গোরকঘাটা রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, সাতটি বিটের প্রতিটিতে সাতটি করে মোট ৫০টি (বিট কর্মকর্তা-কর্মচারী ও বনপ্রহরী) পদ রয়েছে। এর মধ্যে আছেন মাত্র ১৯ জন। বাকি ৩১টি পদ অনেক দিন ধরে শূন্য রয়েছে। আর ঝাপুয়া, বড়দিয়া, সোনাদিয়া, গোরকঘাটা সদর ও পোকখালীতে কোনো বিট কর্মকর্তা নেই। ঘটিভাঙ্গা বিট অফিসের বনপ্রহরী মোহাম্মদ জাকির হোসেন জানান, একজন লোক দিয়ে প্রায় সাড়ে চার হাজার একর বনাঞ্চল পাহারা দেওয়া কীভাবে সম্ভব? সোনাদিয়া বিটের বনপ্রহরী মোহাম্মদ শাহাব উদ্দিন চৌধুরী জানান, একদিকে বাগান পাহারা দিতে গেলে অন্যদিকে বনদস্যুরা গাছ কাটার জন্য হামলা করে। ফলে একজন লোক দিয়ে বনাঞ্চল রক্ষা করা বড়ই কঠিন হয়ে পড়েছে। বড়দিয়া বিট কর্মকর্তার দায়িত্বরত বনপ্রহরী তোফাজ্জল হোসেন বলেন, বড়দিয়ায় স্থায়ীভাবে কোনো বিট অফিস নেই। আগে একটি বিট অফিস থাকলেও ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে তা ভেঙে গেলে বর্তমানে প্রায় ছয় কিলোমিটার দূরে ভাড়া বাসা নিয়ে অফিস চালাতে হচ্ছে। গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর ইকবাল প্রথম আলোকে জানান, প্যারাবন রক্ষার স্বার্থে জরুরি ভিত্তিতে লোকবল ও যানবাহন সরবরাহ দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অনেকবার লেখা হলেও কাজ হয়নি। কক্সবাজারের উপকূলীয় বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, ভূমিদস্যু ও কাঠ পাচারকারিদের হাত থেকে বনাঞ্চল রক্ষার জন্য জরুরি ভিত্তিতে লোকবল নিয়োগ ও ভেঙে যাওয়া বিট অফিসে নতুনভাবে ভবন নির্মাণে অনেকবার বন অধিদপ্তরে আবেদন করা হয়েছে। বরাদ্দ না আসায় নতুনভাবে অফিস নির্মাণ করা যাচ্ছে না। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, লোকবলসংকটে বনাঞ্চল রক্ষা করতে গিয়ে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। এলাকার লোকজন সচেতন না হলে প্যারাবন রক্ষা করা কঠিন।