ভাড়া নয়, রেলের সেবা বাড়ানোর দাবি ক্যাবের
সেবার মান না বাড়িয়ে রেলওয়ে কর্তৃপক্ষের ভাড়া বাড়ানোর ঘোষণার প্রতিবাদ জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। গতকাল সোমবার এক বিবৃতিতে ক্যাব চট্টগ্রামের নেতারা বলেন, লোকসান কমানো এবং সেবার মান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে তিন বছর আগে রেলওয়ে ভাড়া বাড়িয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটি সেবার মান বাড়াতে চরম অদক্ষতার পরিচয় দিয়েছে। একই অজুহাতে আবার ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে বলা হয়, রেলের পাহাড় চুরি বন্ধ না করে লোকসানের কথা বলে জনগণের ওপর ভাড়া বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে রেলপথে যাত্রী হয়রানি, ভোগান্তি বন্ধে ডিজিটাল গ্রাহকসেবা কেন্দ্র ও টিকিট বিক্রির ব্যবস্থাকে আধুনিকায়ন করার দাবি জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন ক্যাবের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এম নাজের হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক ইকবাল বাহার ছাবেরী, মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু প্রমুখ।