ভাড়া পুনর্নির্ধারণে যাত্রী প্রতিনিধি রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ কমিটিতে মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধির সমান যাত্রী প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
গতকাল বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বরাবর এই দাবিসংবলিত স্মারকলিপি দিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির নেতারা। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিএনজির দাম বাড়ার পর গ্যাসচালিত বাস-মিনিবাস ও অটোরিকশার ভাড়া পুনর্নির্ধারণের জন্য দুটি কমিটি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানের নেতৃত্বাধীন এই দুটি কমিটিতে পরিবহন মালিক-শ্রমিকদের একাধিক প্রতিনিধি রাখা হয়েছে।
যাত্রী কল্যাণ সমিতি তাদের স্মারকলিপিতে বলেছে, সিএনজির মূল্যবৃদ্ধির আগেই যাত্রীদের মতামত উপেক্ষা করে অটোরিকশার ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে বিআরটিএ। বাস মালিক সমিতির পক্ষ থেকেও ভাড়া ২৫ ভাগ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিজ্ঞপ্তি।