ভাড়া বাড়ানোর প্রতিবাদে কর্মজীবী নারীদের বিক্ষোভ
ভাড়া বাড়ানোর প্রতিবাদে নীলক্ষেতের কর্মজীবী মহিলা হোস্টেলের বাসিন্দারা রাস্তা আটকে বিক্ষোভ করেছেন। তাঁদের অভিযোগ, তিন দিন ধরে হোস্টেলের ডাইনিং বন্ধ, পানি নেই, তদুপরি ভাড়া বাড়ানো হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত কর্মজীবী নারীদের অবস্থানের কারণে কাঁটাবন-নীলক্ষেত সড়কে তীব্র ‘রিকশাজটের’ সৃষ্টি হয়। এ ছাড়া নীলক্ষেত, নিউমার্কেট, পলাশী, আজিমপুর ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিল প্রচণ্ড যানজট।
সন্ধ্যায় অবরোধকারীদের পুলিশ রাস্তা থেকে সরিয়ে দিলে তাঁরা হোস্টেলের ফটকের ভেতরে গিয়ে অবস্থান নিয়ে তাঁদের দাবির সপক্ষে স্লোগান দেন। হোস্টেলের একাধিক বাসিন্দা প্রথম আলোকে বলেন, তিন দিন ধরে হোস্টেলের ডাইনিং বন্ধ, পানি নেই। এর মধ্যে গত বৃহস্পতিবার তাঁদের সিট ভাড়া বাড়ানোর নোটিশ দেয় হোস্টেল কর্তৃপক্ষ।
হোস্টেলের বাসিন্দারা জানান, গত বছরের শেষের দিকে হঠাৎ সিট ভাড়া দ্বিগুণ করা হয়েছিল। পরে বাসিন্দাদের প্রতিবাদের মুখে গত প্রায় ছয় মাস পর্যন্ত ভাড়া নেয়নি হোস্টেল কর্তৃপক্ষ।
হোস্টেল সুপার সাবিকুন্নাহার প্রথম আলোকে বলেন, ডাইনিংয়ের মেয়াদ শেষ হওয়ায় তিন দিন ধরে ডাইনিং বন্ধ, কিন্তু পানি আছে।